পারলেন না বাকি
কুয়েতে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে নিজের সেরা স্কোরের চেয়ে খারাপই করলেন আবদুল্লাহেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে কাল ৫৬ জনে হলেন ১৮তম। কদিন আগে দিল্লিতে এশিয়ান এয়ারগান শ্যুটিংয়ে ৬২২.৬ স্কোর করে ফাইনালে ওঠে হয়েছিলেন সপ্তম। কুয়েতে ৬১৮.১ নিয়ে ফাইনালেই ওঠা হলো না।
এত দিন জানা ছিল, অলিম্পিকের সরাসরি টিকিট পেতে কুয়েতের এই প্রতিযোগিতাই শেষ সুযোগ ছিল বাকির। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে কুয়েত অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বন্দ্বের কারণে এই প্রতিযোগিতার সব কোটাই বাতিল করা হয়েছে। যার মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলে ছিল দুটি। এসব কোটাই অন্য কোনো প্রতিযোগিতায় দেওয়ার সম্ভাবনা আছে, সেই সুবাদে বাকি আরেকটি সুযোগ পেতে পারেন। তবে কমনওয়েলথ রুপাজয়ী শ্যুটারের স্কোর যেভাবে ওঠা-নামা করছে, তাতে সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। স্কোর ওপরে তুলতে না পারলে ওয়াইল্ড কার্ডই হয়তো তাঁর শেষ ভরসা।
কুয়েতে বাংলাদেশের আরেক শ্যুটার শোভন চৌধুরী ৬১৫.২ স্কোর করে ২৩তম হয়েছেন। জুনিয়র বিভাগেও এদিন হতাশাই সঙ্গী হয়েছে। রিসালাতুল ইসলাম ৬১৪.৪ স্কোর করে ২৬ জনে ১২তম। জেসিমুজ্জামান ১৮তম (৬০৭.৪)।