গত এসএ গেমসে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন শুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ইসলামিক সলিডারিটি গেমসেও তাঁরা পদক জিততে পারেন, এমনই আশা ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের। কিন্তু বাকুতে কাল দুজনই ব্যর্থ হয়েছেন। শাকিল ফাইনাল অর্থাৎ শুট অফেই উঠতে পারেননি। আর ভারোত্তোলক মাবিয়া তাঁর ইভেন্টে হয়েছেন ষষ্ঠ।
ঢাকায় অনুশীলনে গত কিছুদিন নিয়মিতই ৫৮০ স্কোর করতেন শাকিল আহমেদ। অনুশীলনের এই স্কোরই অতি আশাবাদী করে তুলেছিল গত এসএ গেমসে ৫০ মিটার এয়ার পিস্তলে সোনাজয়ী শুটারকে। কিন্তু আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে এই স্কোরের ধারেকাছেও যেতে পারেননি সেনাবাহিনীর শুটার। কাল শাকিল মাত্র ৫৩৫ স্কোর করে দশম হয়ে শেষ করেছেন নিজের প্রিয় ইভেন্ট। প্রথম হয়ে শুট অফে ওঠা ইরানের ভাহিদ গোলখানদান ৫৬৪ পয়েন্ট স্কোর করেন। তবে ফাইনালে বাজিমাত করেছেন তুরস্কের ইউসুফ দিকেচ। শুট অফে ২২৩ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন তিনি। রুপাজয়ী ওমানের ইসমাইল আল আবরির স্কোর ২২০.৮, ব্রোঞ্জজয়ী ইরানের মোহাম্মদ আহমাদি করেছেন ২০০.৯ পয়েন্ট।
মাবিয়া মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে ছয়জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ! বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক স্ন্যাচে তোলেন ৭৭ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি। ১৯৩ কেজি ওজন তুলে এই ইভেন্টে সোনা জিতেছেন তুর্কমেনিস্তানের পলিনা গুরিয়েভা।
সাঁতার পুল থেকেও এসেছে হতাশার খবর। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ১১ জনের মধ্যে নবম হয়েছেন বাংলাদেশের জুয়েল আহমেদ।