পার্কের নিরাপত্তা দেবে নৌবাহিনী
সাঁতারু অন্বেষণ কর্মসূচি উপলক্ষে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এল জাতীয় সাঁতার কোচ পার্ক তে গুনের নিরাপত্তার প্রসঙ্গ।
মিরপুর ক্রীড়াপল্লীতে সম্প্রতি পার্কের কক্ষে কয়েক দফা চুরি হয়েছে। স্থানীয় কোচ পরিষদও তাঁকে নানাভাবে অসহযোগিতা করছে বলে গুঞ্জন। কোরিয়ান এই কোচের নিরাপত্তাই হুমকির মুখে। তবে কোচকে কাল পূর্ণ নিরাপত্তা দেওয়ারই আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ‘পার্কের কাজের ব্যাপারে যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। ঘটনাটা খুব গুরুত্বসহকারে নিচ্ছি আমরা। কোচের নিরাপত্তা আমরাই দেব। প্রয়োজনে নৌবাহিনীর ভেতরেও তাঁকে রাখতে পারি।’ চুরির জন্য দুঃখ প্রকাশ করে নিজামউদ্দিন বলেন, ‘তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। বাংলাদেশের দায়িত্ব তাঁকে নিরাপত্তা দেওয়া। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটার চেষ্টা করব। নৌবাহিনীর প্রধান যেহেতু এই ফেডারেশনের সভাপতি সুতরাং বাংলাদেশ নৌবাহিনী তাঁর শতভাগ নিরাপত্তা দেবে।’ পার্ক অবশ্য সাঁতার কমপ্লেক্সের আবাসনকক্ষেই থাকতে চান।