পিস্টোরিয়াস বন্দী কারাগারে

চার-চারটি গুলি করেছিলেন প্রেমিকার শরীরে। তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই হয়তো নিভে গেছে রিভা স্টিনক্যাম্পের জীবনদীপ। এখন কি বিবেকের দংশন অনুভব করছেন না অস্কার পিস্টোরিয়াস? দক্ষিণ আফ্রিকার পা-হীন অ্যাথলেট আজ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত। পাঁচ বছরের জেলজীবনে কীভাবে কাটবে তাঁর সময়গুলো? সীমাহীন শূন্যতা কি কুরে কুরে খাবে না তাঁকে?
যে বাসায় পিস্টোরিয়াসের গুলিতে খুন হয়েছিলেন স্টিনক্যাম্প, সেটিকে সুরম্য অট্টালিকা বলাই ভালো। কেগোসি মামপুরুর কারাগারে সেই বিলাসী আবাসনের সামান্যতম সুবিধাও মেলে না। বিলাসিতা, সুন্দরী বান্ধবী আর দ্রুতগতির গাড়ি ছিল তাঁর নিত্যসঙ্গী। এই কারাগারে সামান্য বিলাসিতার ছোঁয়া আছে হাসপাতাল বিভাগে। যদি এখানে থাকার অনুমতি মেলে পিস্টোরিয়াসের; পাবেন একটি বাথরুম, একটি করে বেসিন, জাজিম ও ছোট্ট আলমারি। সবাই যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভোগে, সেখানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকা বিশেষ রেলিংয়ের সাহায্য গোসল করতে পারবেন পিস্টোরিয়াস। এটাই বা কম কী!
তার পরও কি বলা যাবে পিস্টোরিয়াস নিরাপদে থাকবেন? তাঁর আইনজীবী বলছেন, হাসপাতাল বিভাগে থাকলে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকবে না। বিশেষ করে যক্ষ্মার মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এখানে প্রবল। দক্ষিণ আফ্রিকার কারাগারগুলোয় এই রোগেই মৃত্যুবরণ করেন অসংখ্য কারাবন্দী। প্রতিবন্ধীদের প্রতি মানবিক থাকার সামর্থ্য দক্ষিণ আফ্রিকার কারাগারব্যবস্থার আছে কি না সেটি নিয়েও আছে সন্দেহ। সব মিলিয়ে ১২৮ জন শারীরিক প্রতিবন্ধী আসামি রয়েছেন দক্ষিণ আফ্রিকার কারাগারগুলোয়। যদিও বিচারক থোকোজিলে মাসিপা আশাবাদী যে শারীরিক প্রতিবন্ধকতার জন্য কারাগারে পিস্টোরিয়াসকে দুর্ভোগ পোহাতে হবে না।
এ তো গেল হাসপাতাল বিভাগে থাকার সম্ভাবনার কথা। যদি বাকি সব আসামির মতো রাখা হয় পিস্টোরিয়াসকে, প্রথমেই পড়বেন জীবনের ঝুঁকিতে। কুখ্যাত এই কারাগারে গাদাগাদি করে থাকেন সব শীর্ষ সন্ত্রাসী। ওই দাগি আসামিরা নাকি বলপ্রয়োগে অর্থ আদায় করেন অন্য কারাবন্দীদের কাছ থেকে, অর্থ না দিলে তারা নিপীড়ন করেন। হাসপাতাল বিভাগের সুবিধা তো এখানে নেই-ই, পাবেন না কম্পিউটারও। কারণ কোনো কয়েদিকেই এটি দেওয়া হয় না। তবে একজন অ্যাথলেট হিসেবে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পেতে পারেন ট্র্যাকস্যুট, মোজা, জুতা। সাধারণ কয়েদি হিসেবে পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া চিঠি, কার্ডগুলো সঙ্গে রাখতে পারবেন সর্বোচ্চ তিন মাস। সঙ্গে রাখতে পারবেন একটি ফটো অ্যালবাম। সেই অ্যালবামে কি তাঁর নিজের হাতে খুন হওয়া প্রেমিকার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কিছু ছবি থাকবে? এএফপি, দি ইনডিপেনডেন্ট।