পুইগের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেত্রা কেভিতোভাকে হারানোর পর শূন্যে যে লাফটা দিলেন মনিকা পুইগ, সেটি শুধু কোনো হাইজাম্পারের সঙ্গেই তুলনা হতে পারে! আনন্দের আতিশয্যে তাঁর এমন লাফানোর কারণও আছে। অলিম্পিক টেনিসের মহিলা এককের সেমিফাইনালে পরশু চেক প্রতিপক্ষ পেত্রা কোভিতোভাকে হারিয়ে যে অলিম্পিকের রুপা নিশ্চিত হয়ে গেছে পুয়ের্তোরিকার মেয়ের। দেশটির হয়ে টেনিসে এই প্রথম কোনো প্রতিযোগী অলিম্পিকের পদক এনে দিতে যাচ্ছেন। আর সেটি সোনা হলে তো কথাই নেই। বাংলাদেশ সময় কাল গভীর রাতেই জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে ফাইনাল ছিল তাঁর। জিতে থাকলে তো ইতিহাসই হয়ে গেছে। অলিম্পিকে কখনো সোনা জিততে পারেনি ক্যারিবীয় অঞ্চলের দেশটি। পুইগ কি সেই প্রতীক্ষার অবসান ঘটাতে পেরেছেন? ফাইনালের আগে কিন্তু প্রেরণার কমতি ছিল না ২২ বছর বয়সী পুইগের, ‘সোনা জিততে পারলে সেটি হবে অবিশ্বাস্য এবং বিশ্বের সবচেয়ে বড় সম্মানের ব্যাপার।’ এএফপি।