পুরানো সেই দিনের কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাবেক অ্যাথলেট (বাঁ থেকে) মাহমুদা বেগম, রোকেয়া বেগম, সেতারা কামাল ও রেহানা পারভীন l প্রথম আলো
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাবেক অ্যাথলেট (বাঁ থেকে) মাহমুদা বেগম, রোকেয়া বেগম, সেতারা কামাল ও রেহানা পারভীন l প্রথম আলো

‘কিরে ছয়তারা, কেমন আছিস?’—সেতারা কামালকে দেখে মজা করে ডাক দিলেন গোলাম মোহাম্মদ রনজু। সেতারা চাকতিনিক্ষেপ, শটপুট ও বর্শানিক্ষেপে চ্যাম্পিয়ন। রনজু ৪০০ ও ৮০০ মিটারে। প্রায় ১৫ বছর পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে সেকি উচ্ছ্বাস দুজনের!

শুধু এই দুজনই নন, যেন টাইম মেশিনে চড়ে মাঠের সবাই ফিরে গিয়েছিলেন অতীতে। মাহমুদা বেগম, নেলি জেসমিন, রোকেয়া বেগম খুকি, সাঈদ-উর রব, মিলজার হোসেন, আজহারুল ইসলাম, রেহানা পারভীন, শামীমা সাত্তার মিমু...দেশের একসময়ের সেরা অ্যাথলেটরা কাল আবারও পরেছিলেন ‘চেস্ট নাম্বার’।
উপলক্ষ—মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাবেক অ্যাথলেটদের নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল হয়ে গেল এই প্রতিযোগিতা। দুই বাংলার পুরোনো অ্যাথলেটদের আড্ডা, গল্প আর খেলায় প্রাণ ফিরে পেয়েছিল চেনা স্টেডিয়াম।
মেয়েদের হার্ডলসে ১৩ বারের সোনাজয়ী রোকেয়া বেগম ২৯ বছর পর ট্র্যাকে নামলেন। নেমেই রুপা। বয়স ৫৮ ছুঁই-ছুঁই করছে। অথচ এই বয়সেও ফিটনেসটা ধরে রেখেছেন! বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল ছিলেন তাঁর বড় প্রতিদ্বন্দ্বী। কাল দৌড় শেষে বলছিলেন, ‘১৯৮৬ সালে খেলা ছেড়েছি। এরপর আজ দৌড়ালাম। এই মাঠেই সুলতানা আপাকে হারিয়েছি।’
রোকেয়া বেগমের চারপাশে গিজগিজ করছিল চেনা মুখ। বর্তমানে বিজেএমসির খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক রোকেয়া স্মৃতির ভেলায় ফিরে গেলেন অতীতে, ‘অনেক দিন পর খেলতে নেমে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারব না। মনে হচ্ছে পুরোনো দিনে ফিরে গেছি।’ রোকেয়া বেগম দৌড়াতেন ঘাসের মাঠে। ১৯৭৯ সালে রাশিয়ায় গিয়ে প্রথম ট্র্যাক দেখেছিলেন। কিন্তু ঢাকায় ট্র্যাক বসানোর বছরেই খেলা ছেড়ে দেন। এবার ট্র্যাকে দৌড়ে তাই দারুণ রোমাঞ্চিত রোকেয়া।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিলজার হোসেন মাঠের এক পাশে দাঁড়িয়ে সতীর্থদের খেলা দেখছিলেন। ঢাকায় ১৯৮৫ সাফ গেমসে ৪০০ মিটারে রুপা জেতেন মিলজার। ইন্দোনেশিয়ায় ১৯৮৬ প্রথম এশিয়ান যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে জেতেন রুপা। ওই বছরই সিউলে এশিয়ান গেমসে ৮০০ মিটারে চূড়ান্ত পর্বে উঠেছিলেন, আটজনের মধ্যে হয়েছিলেন পঞ্চম। এখন পর্যন্ত এশিয়ান পর্যায়ে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন এটাই। অ্যাথলেট দম্পতি মিলজারের স্ত্রী রেহানা পারভীন ১০০ ও ২০০ মিটারে সাবেক চ্যাম্পিয়ন। দুজনকেই হাসি হাসি মুখে ঘুরতে দেখা গেল স্টেডিয়ামে।
নিউইয়র্কপ্রবাসী সাঈদ-উর রব ঢাকায় এসেছেন সপ্তাহ দুয়েক আগে। কাল মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা হবে বলেই এসেছি।’ শটপুট ও চাকতিনিক্ষেপে টানা ১২ বছরের অপরাজিত চ্যাম্পিয়ন রবের আক্ষেপ, ‘আমাদের সময় প্রচুর দর্শক হতো। এখন কেউ খেলা দেখতে আসে না।’
আট বছর পর স্টেডিয়ামে এসে উচ্ছ্বসিত শটপুটের সাবেক চ্যাম্পিয়ন নেলি জেসমিন, ‘এই আনন্দ বলে বোঝানো যাবে না। মেয়েকেও নিয়ে এসেছি খেলার সাথিদের দেখাব বলে।’
পোল ভল্টে ভারতের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন স্বপন দাস এসেছেন ৪৫ জনের বিশাল বহর সঙ্গী করে। রাজশাহীতে তাঁর বাবার বাড়ি। বলছিলেন এ দেশে তাঁর নাড়িপোঁতা, ‘বাংলাদেশের সঙ্গে আমার নাড়ির টান। তাই তো ছুটে এসেছি।’
রাতের ফ্লাডলাইটে ভেসে যাচ্ছিল স্টেডিয়াম। আর গল্পে, আড্ডায় স্মৃতির ভেলায় ভাসতে থাকা অ্যাথলেটরা গাইছিলেন, ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়...’।