

প্রতিদিন পত্রিকা হাতে নিলে বিষণ্নতা ঘিরে ধরে। সাঁতারের কোনো খবর নেই। থাকবে কীভাবে? প্রতিযোগিতাই বছরে একটা, ন্যাশনাল। সেটিও কোনো কোনো বছর হয় না। অথচ অন্যসব খেলার কত প্রতিযোগিতা! আমরা একটি খেলতেই তীর্থের কাকের মতো চেয়ে থাকি।
মাঝখানে কোরিয়ান কোচ পার্ক তে গুন আসায় সবার পারফরম্যান্সে উন্নতি হয়েছিল—সাত-আটটা মাস খুব ভালোই কেটেছিল। পার্কের কাছে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু তাঁকে রাখা গেল না। পার্ক নতুন কিছু অনুশীলন সরঞ্জাম এনেছিলেন, যা আমরা আগে দেখিনি। জাতীয় দলের ক্যাম্প না থাকায় সেই সরঞ্জামগুলো এখন পড়ে আছে। কে জানে, নষ্টই হয়ে গেছে কি না।
এসব দেখে নিরাশ হই। তবে আশাও দেখি। গত ১০-১২ বছরের তুলনায় এখন বিদেশে বেশি বেশি খেলতে যাওয়া, টাইমিং আরও ভালো হওয়া...এগুলো বলার মতোই উন্নতি। এতেই অবশ্য তৃপ্তির ঢেকুর তোলার কিছু নেই। আমাদের প্রতিদ্বন্দ্বী ভারত-শ্রীলঙ্কার সাঁতারুরা বিদেশে প্রশিক্ষণের সুযোগ পায়, আমরা পাই না। ওরা আমাদের তুলনায় অনেক দ্রুত এগোচ্ছে। আমরা এখানে অনেক পিছিয়ে।
ধরুন, আগামী তিন মাসের মধ্যে এসএ গেমস হলো, আমাদের পক্ষে সোনা জেতা খুব কঠিন হবে। সেই প্রস্তুতি আমাদের নেই। এক বছর পর হলে হয়তো আশা করা যেতে পারে। চার-পাঁচজন সম্ভাবনাময় সাঁতারুকে নিয়ে আমি স্বপ্নের কথা বলি সবাইকে। এঁদের বছর খানেক বিদেশে উন্নত প্রশিক্ষণে রাখা গেলে এসএ গেমসে সোনা পাওয়া সম্ভব।
আশার ঝিলিক আরও আছে। এত দিন ভাবতাম, আমাদের সোনার ইভেন্ট ব্রেস্টস্ট্রোকে বুঝি ভালো সাঁতারু নেই। ১১ বছর ধরে এই ইভেন্টে আমি অপরাজিত। অবশেষে একজনের দেখা পেলাম। কিশোরগঞ্জের ছেলে বিকেএসপির নবম শ্রেণির ছাত্র আরিফ অনুশীলনে আমার চেয়েও ভালো করছে। পরিচর্যা করলে সে এসএ গেমসে সোনা জেতার ক্ষমতা রাখে। কিন্তু কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটতে ওর তো সহযোগিতা দরকার। সেটি করবে কে?
প্রশ্নটা ঝুলিয়ে রেখেই আরও কয়েকটি নাম বলি। ফ্রি স্টাইলে সাগরকে চ্যালেঞ্জ জানাচ্ছে নৌবাহিনীর আসিফ। বাটারফ্লাইয়ে নবীন নাহিদও সম্ভাবনার পতাকা ওড়াচ্ছে। ব্যাকস্ট্রোকে দীর্ঘদিনের সেরা ও ২০০৪ সাফে সোনাজয়ী রুবেল রানা ভাইয়ের জায়গায় উঠে আসছে সেনাবাহিনীর জুয়েল। এঁরা আশান্বিত করে আমাদের। নতুন স্বপ্ন দেখায়।
কিন্তু বাস্তবতার জমিনে দাঁড়ালে স্বপ্ন দেখতে বড় ভয় পাই। সিঁড়ি ভাঙতে তো সামনে সিঁড়ি বিছানো থাকতে হবে। আমাদের তা কে তৈরি করে দেবে? ২০০৪ সালে আমার শীর্ষ পর্যায়ে আসার সময়ের তুলনায় এখনো সাঁতারুদের জীবনে কোনো পরিবর্তন দেখছি না। দেশের বাইরে কোনো খেলা থাকলে এক-দুই মাস অনুশীলন ক্যাম্প চলে। সেই ক্যাম্পে থাকলে আমরা আজও দুবেলা খেয়েই সন্তুষ্ট। দৈনিক খাওয়ার ভাতা বেড়ে আড়াই শ থেকে এখন চার শ টাকা, তাতে হয়ে যায় আমাদের। কিন্তু একজন সাঁতারুর জীবনে দুবেলা খাওয়াই কি সব?
আমরা সবাই দরিদ্র ঘরের, সংসার চালানোর স্বপ্ন নিয়ে সাঁতারুরা আসে গ্রাম থেকে। আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে যেমন এসেছে জুয়েল, মুনমুন, ওয়াসিউর। এখনো আমরা তিনজন আছি জাতীয় দলে। প্রতিবছরই এক-দুজন করে উঠে আসছে। তাদের ঠিকানা বিভিন্ন সার্ভিসেস দল, একটা স্থায়ী বা অস্থায়ী চাকরিই আমাদের সম্বল। সামান্য বেতনে কোনোরকম ঠেলে-ধাক্কিয়ে এগিয়ে চলে জীবনের চাকা। তবু বাহিনীগুলোর কল্যাণেই সাঁতার বেঁচে থাকে। নইলে আমরা তো কবেই হারিয়ে যেতাম!
ভবিষ্যতের নিশ্চয়তা নেই, তাই নদীমাতৃক দেশেও সাঁতারের চর্চা বাড়ছে না। অনেক জেলায় পুল আছে, পানি নেই। খেলা হয় না। এই ছবিটা আজও বদলায়নি। খেলাটার তেমন কোনো পরিচিতিও নেই, সাঁতারুদের লোকে সেভাবে চেনে না। কিছু ছেলে পুকুরে সাঁতার কাটতে কাটতে জলের সঙ্গে সখ্য গড়ে কোনো এক অজপাড়াগাঁয়ে। যেমন আমি গড়েছিলাম।
সেই আমি ২০০৬ কলম্বো এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা এবং ১০০ মিটারে রুপা জিতেছি। দেশকে সোনার হাসিতে ভরিয়েছি। যে ভারতীয় সাঁতারুকে হারিয়েছি, সে গত নয় বছরে অনেক এগিয়ে গেছে। বিদেশে প্রশিক্ষণ নিয়ে নিজেকে শাণিত করেছে। কিন্তু আমি কী পেয়েছি? কেউ কি কখনো আমার খোঁজ নিয়েছে?
দুঃখের কথা বলতে ভালো লাগে না। তবু বলি, আমাকে কখনো বিদেশে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়নি। খেলার সুযোগ যেখানে বাড়ার কথা, সেখানে চারটি বছর বসে রইলাম। কলম্বোয় সেই সোনার অধ্যায়ের পরপরই কাতারে এশিয়ান গেমসে যাই। এরপর ২০১০ পর্যন্ত দেশের বাইরে কোনো মিটে যাওয়ার সৌভাগ্যও হয়নি। আন্তর্জাতিক মিটের দুয়ার ফের খুলেছে ২০১০ দিল্লিতে কমনওয়েলথ গেমসে। তারপর গুয়াংজুতে এশিয়ান গেমস দিয়ে আবার পথচলা। আমার টাইমিং কিন্তু এর মধ্যে ভালো না হয়ে উল্টো খারাপ হয়েছে।
২০১০ সালে ঢাকায় এসএ গেমসের আগে জন্ডিস ভুগলেও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জিতেছি। সেই আমি এখন কোনোরকমে দিন কাটাই। সেনাবাহিনীতে ১৫ হাজার টাকা বেতনে অস্থায়ী চাকরি। ৮-১০ হাজার টাকাই বাড়িতে পাঠাতে হয়, আমার আর থাকে কী! ছোটবেলায় বাবা মারা যাওয়ায় মা-ই আমার সব। বড় ভাই, ছোট বোন আছে। তাঁদের জন্য কিছু করতে পারি না। সেনাবাহিনীতে আমার চাকরিটা স্থায়ী হলে ভালো হতো। সেই আশায় আছি।
নিজের কথা এত বলছি বাংলাদেশে সাঁতারের সামগ্রিক চিত্রটা বোঝাতে। আমারই যখন এই অবস্থা, বাকিদেরটা বুঝে নিন। তবু সাঁতারুরা অপেক্ষায় থাকে কখন একটা মিট আসবে। এই অপেক্ষার যন্ত্রণা শুধু খেলোয়াড়েরাই জানে।
এখনই যা করতে হবে
১ সাঁতারুদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। ফেডারেশন, সরকার, বিওএ সবাই মিলেই এ ব্যাপারে যৌথ উদ্যোগ নিতে পারে।
২ সেরা সাঁতারুদের জন্য স্পনসরের ব্যবস্থা করতে হবে। পারফরম্যান্সের মানদণ্ড দাঁড় করিয়ে ফেডারেশন মাসে কিছু ভাতার ব্যবস্থা করতে পারে। পৃষ্ঠপোষণা না পেলে ছেলেমেয়েরা খেলাটা থেকে মুখ ফিরিয়ে নেবে।
৩ বছরে এখন একটাই প্রতিযোগিতা। অন্তত দু-তিনটি মিট করার কোনো বিকল্প নেই। মিট না বাড়ালে খেলোয়াড় উঠে আসবে না।
৪ ক্লাব পর্যায়ে নিতে হবে খেলাটা। সেটি করা গেলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। খেলোয়াড়েরা উৎসাহ পাবে।
৫ বিদেশে আরও বেশি বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ দরকার। নইলে দেশ-দুনিয়া সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে না।