পরশু মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অলিম্পিক রেকর্ড গড়ে তৃতীয় সোনাটিও জিতে নিলেন ২৭ বছর বয়সী হাঙ্গেরিয়ান
পুলে হাসছেন লৌহমানবী

এথেন্সে পারেননি। তখন মোটেও আক্ষেপ ছিল না কাতিনকা হসুর। মাত্র ১৫ বছর বয়স ছিল, সুইমিংপুলের সঙ্গে মিতালিও বেশি দিন হয়নি। কিন্তু হসু কোনো পদক জিততে পারলেন না চার বছর পর বেইজিং অলিম্পিকেও। এবার একটু মন খারাপ হলো। নিজেই নিজেকে সান্ত্বনা দিলেন, সামনে তো আরও সময় পড়ে আছে। লন্ডনে নিশ্চয়ই হবে।
বেইজিং থেকে লন্ডনে আসতে আসতেই হাঙ্গেরির সাঁতারে বড় তারকা হয়ে গেলেন হসু। ২০০৯ রোম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে তিনটি পদক, ২০১০ সালে বুদাপেস্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চারটি। লন্ডন অলিম্পিকে তাঁকে ঘিরে তাই হাঙ্গেরির প্রত্যাশাও ছিল। কিন্তু কী কপাল, এবারও খালি হাতে ফিরলেন!
এবার আক্ষেপে পুড়লেন। ২০১৪ বার্লিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও গত বছর কাজান বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ডের পর রেকর্ড গড়ার পরও তাই রিও অলিম্পিক নিয়ে নিজের প্রত্যাশার পারদটা চড়তে দিলেন না। আগের তিনটি অলিম্পিকে কিছুই জেতেননি বলে হসু এবার রিওতে এসেছিলেন ‘একটা কিছু জিতলেই হলো’ মনোভাব নিয়ে। নিরাবেগ থাকতে পেরেছেন, এমনি এমনি তো তাঁর নাম লৌহমানবী (আয়রন লেডি) হয়নি!
কিন্তু নিয়তি যে এবার অন্য পরিকল্পনা করে রেখেছিল হাঙ্গেরিয়ান এই লৌহমানবীর জন্য। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতলেন গত শনিবার, সোমবারে সোনা পেলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও। উচ্ছ্বাসে ভেসে যেতে আর কী চাই! কিন্তু ওখানেই থেমে থাকেননি হসু। পরশু মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অলিম্পিক রেকর্ড গড়ে তৃতীয় সোনাটিও জিতে নিলেন ২৭ বছর বয়সী হাঙ্গেরিয়ান। এ ইভেন্টে তাঁর সময় লেগেছে ২ মিনিট ৬.৫৮ সেকেন্ড। ২ মিনিট ৬.৮৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের শিওভান-ম্যারি ও’কনর।
আগের তিন অলিম্পিকে যার কোনো পদকই ছিল না, এবার চার দিনের মধ্যে তাঁর তিনটি সোনা! হসু এবার উচ্ছ্বসিত, আকাশে উড়ছেন,‘সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি এর আগে অলিম্পিকে কোনো পদক জিততে পারিনি। এবার তাই ভেবেছিলাম যেকোনো একটা পদকই আমার জন্য অনেক হবে।’ ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নিজের সেরাটা না দিতে পেরেও জয়ী, ‘একটু অদ্ভুত লাগছে। সত্যি বলতে, আমি আজ নিজের সেরাটা দিয়ে সাঁতরাতে পারিনি। কিন্তু মনে হচ্ছে, নিজের সেরাটা না দিয়েও আমি চ্যাম্পিয়ন হতে পারছি।’ বলছেন বটে। তবে এই ইভেন্টের প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে সে জন্য গত মঙ্গলবার হয়ে যাওয়া ২০০ মিটার বাটারফ্লাই থেকে নিজের নামও প্রত্যাহার করে নিয়েছিলেন হসু।
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক হসুর ট্রেনার তাঁরই স্বামী শেন তুসাপ। হসুর ‘সবচেয়ে বড় ভক্ত এবং সবচেয়ে বড় সমালোচক’। পরশু হসু যখন সাঁতরেছেন, তুসাপ গ্যালারি থেকে লাফিয়েছেন, চিৎকার করেছেন। স্ত্রীকে জিততে দেখে তাঁর আনন্দটাই সবচেয়ে বেশি ছিল। ট্রেনার স্বামীর কথা বলতে গিয়ে হসুও উচ্ছ্বসিত, ‘ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব জটিল। কোচ হিসেবে সে ভীষণ কঠোর। আবার বাড়িতে সে আমার মিষ্টি প্রেমিক, খুবই মজার মানুষ।’
রিওতে হসুর ব্যক্তিগত আরেকটি ইভেন্ট ২০০ মিটার ব্যাকস্ট্রোক এখনো বাকি। সেটিতে সোনা জিতলে তিনি ছুঁয়ে ফেলবেন এক অলিম্পিকে সাঁতারের চারটি ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী একমাত্র নারী সাঁতারু ক্রিস্টিন অটোর কীর্তি। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এই কীর্তি গড়েছিলেন তৎকালীন পূর্ব জার্মানির এই সাঁতারু। তবে রেকর্ড নয়, শেষ ইভেন্টটিতে স্রেফ আনন্দের জন্য সাঁতরাতে চান হসু, ‘রিওতে একটা সোনা জেতাই আমার কাছে অবিশ্বাস্য ব্যাপার ছিল। এরই মধ্যে তিনটি জিতে যাওয়ায় মনে হচ্ছে আমি বোনাস পেয়ে গেছি। আর নিজের ওপর চাপ নিতে চাই না।’
এত ফুরফুরে হসুকেই বা কবে দেখেছে অলিম্পিক! রয়টার্স।
সাঁতারের বিজয়ীরা
মেয়েদের ২০০ মি. ফ্রিস্টাইল
১ মি. ৫৩.৭৩ সে.
কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র)
পুরুষ ২০০ মি. বাটারফ্লাই
১ মি. ৫৩.৩৬ সে.
মাইকেল ফেল্প্স (যুক্তরাষ্ট্র)
মেয়েদের ২০০ মি. ব্যক্তিগত মিডলে
২ মি. ০৬.৫৮ সে. অলিম্পিক রেকর্ড
কাতিনকা হসু (হাঙ্গেরি)
পুরুষ ৪*২০০ মি. ফ্রিস্টাইল রিলে
৭ মি. ০০.৬৬ সে.
যুক্তরাষ্ট্র