পুলের বাইরে ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা পুরুষ সাঁতারু চীনের সান ইয়াং, সেরা মহিলা সাঁতারু যুক্তরাষ্ট্রের কেটি লেইকি। কাজানের বিশ্ব সাঁতার প্রতিযোগিতা নিজেদের করে নিয়েছেন এই দুজন l এএফপি
সেরা পুরুষ সাঁতারু চীনের সান ইয়াং, সেরা মহিলা সাঁতারু যুক্তরাষ্ট্রের কেটি লেইকি। কাজানের বিশ্ব সাঁতার প্রতিযোগিতা নিজেদের করে নিয়েছেন এই দুজন l এএফপি

ঝড় ওঠার কথা ছিল পুলে। কিন্তু পরশু বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ঝড় উঠল পুলের বাইরে! ১৫০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতার শুরু হওয়ার একটু আগে নিজেকে সরিয়ে নিলেন চীনের বিশ্ব রেকর্ডধারী অলিম্পিক চ্যাম্পিয়ন সান ইয়াং। যিনি এর আগেই পেয়েছেন প্রতিযোগিতার সেরা পুরুষ সাঁতারুর স্বীকৃতি।
সান ইয়াংয়ের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণ হৃৎযন্ত্রের সমস্যা। অস্বস্তি বোধ করছিলেন গত বুধবার ৮০০ মিটার ফ্রি-স্টাইল জেতার পর থেকেই। সংবাদ সম্মেলনে সান বলেছেন, ‘৮০০ মিটারের পরেই আমার হৃৎপিণ্ডে সমস্যা অনুভূত হতে থাকে। আজ অনুশীলনেও সেটা ফিরে আসায় আমাকে সরে দাঁড়াতে হয়েছে।’
অনিয়মিত হৃৎস্পন্দনের কারণেই গত বছর একটা ডোপ-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। একটা ওষুধ ব্যবহার করেছিলেন, যাতে ছিল নিষিদ্ধ উপাদান ট্রাইমেটাজিডিন। সে জন্য তিন মাস নিষিদ্ধও হয়েছিলেন। সান জানিয়েছেন, হৃৎপিণ্ডের এবারের সমস্যাটা আগে কখনো হয়নি, শিগগিরই দেশে ফিরে গিয়ে চিকিৎসা শুরু করবেন।
২০১৩ সালে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রি স্টাইল জয়ের কীর্তি তো পুনরাবৃত্তি করতে পারলেনই না, সঙ্গে নিয়ে গেলেন আরেকটা বিতর্কও। গত রোববার সকালে ওয়ার্ম আপ পুলে ব্রাজিলিয়ান সাঁতারু লারিসা অলিভিয়েরার সঙ্গে সানের তীব্র বচসা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী অনেক সাঁতারু। ব্রাজিল সংবাদমাধ্যমের দাবি, লারিসাকে কনুই দিয়ে গুঁতোও মেরেছেন সান। এ ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
কাজানের শেষ সকালটা নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ব্রন্টে ক্যাম্পবেল। ১০০ মিটার ফ্রি-স্টাইলের পর জিতেছেন ৫০ মিটার ফ্রি-স্টাইলের সোনাও। তাঁর বড় বোন কেট ক্যাম্পবেল ৫০ মিটারে অল্পের জন্য হয়েছেন চতুর্থ। ক্যাম্পবেল বোনদের দেশ অস্ট্রেলিয়া ১৬টি সোনা জিতে সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। ২৩টি সোনা জিতে টানা সপ্তমবারের মতো সবার ওপরে যুক্তরাষ্ট্র, ১৩টি সোনা নিয়ে তিনে চীন। এএফপি।