পেলে নন, ডি লিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যান্ডারলেই ডি লিমা
ভ্যান্ডারলেই ডি লিমা

তাঁর দেশে অলিম্পিক। তিনি ছাড়া আর কে পেতে পারেন অলিম্পিক মশাল জ্বালানোর সম্মান! আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) তাই মূল মশালটা প্রজ্বালনের জন্য চেয়েছিল কিংবদন্তি পেলেকেই। পেলেও সানন্দে সম্মতি দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতা মারাকানায় যেতে দেয়নি পেলেকে। তাঁর জায়গায় অলিম্পিক মশাল প্রজ্বালন করেছেন ব্রাজিলের সাবেক ম্যারাথন দৌড়বিদ ভ্যান্ডারলেই ডি লিমা।
বেশ কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ফুটবলসম্রাট। গত কয়েক মাসের মধ্যে একাধিকবার তাঁর নিতম্বে অস্ত্রোপচার হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের গর্ব সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার থাকতে পারেন কি না, সেই শঙ্কা তাই আগে থেকেই ছিল। পেলে অবশ্য খুব দেরি করেননি। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আয়োজকদের জানিয়ে দেন, অসুস্থতার কারণে তাঁর পক্ষে মারাকানায় যাওয়া সম্ভব হচ্ছে না। পরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও বলেছেন, ‘বন্ধুরা, আমার কাছে আমার স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ শুধু ঈশ্বর। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি উদ্বোধনী অনুষ্ঠানে থাকার মতো শারীরিক অবস্থায় নেই।’
পেলের বদলে তাই মশাল জ্বালানোর সম্মানটা পেয়েছেন ভ্যান্ডারলেই ডি লিমা। ফুটবল কিংবদন্তির মতো বিশ্বজোড়া খ্যাতি তাঁর নেই। তবে ব্রাজিল ও অ্যাথলেটিকস বিশ্বে ডি লিমাও খুব সম্মানিত একজন।
ভাগ্য সহায় থাকলে এই ডি লিমাই হতে পারতেন অলিম্পিক ম্যারাথনে ব্রাজিলের হয়ে প্রথম সোনাজয়ী দৌড়বিদ। ২০০৪ এথেন্স অলিম্পিকে তিনিই সবচেয়ে ফেবারিট ছিলেন। দৌড়টা শুরুও করেছিলেন দারুণভাবে। কিন্তু কপালটা ছিল মন্দ। ৩৫ কিলোমিটার মার্কে যখন নিকটতম প্রতিপক্ষের চেয়ে প্রায় ২৫-৩০ সেকেন্ডে এগিয়ে তখনই হঠাৎ দর্শকদের মধ্য থেকে এক উদ্ভ্রান্ত যাজক ডি লিমার পথ আটকে তাঁকে জাপটে ধরেন। পরে অন্য এক দর্শক এসে তাঁকে ছাড়িয়ে নেন। ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। এতে প্রায় ২০-২৫ সেকেন্ড সময় নষ্ট হয় তাঁর। তাই সোনা আর জিততে পারেননি ডি লিমা। পেয়েছিলেন ব্রোঞ্জ।
এ ঘটনার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ডি লিমাকে খেলোয়াড়সুলভ চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য ‘পিয়েরে দে কুবার্তিন পদক’ দিয়ে সম্মানিত করে। পরে এথেন্সে বিচ ভলিবলে সোনাজয়ী ব্রাজিলের ইমানুয়েল রেগো এক অনুষ্ঠানে তাঁর পদকটা ডি লিমাকে দিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সেটি প্রত্যাখ্যান করে ডি লিমা জানিয়ে দেন, তাঁর কাছে নিজের জেতা ব্রোঞ্জটাই সোনার চেয়ে দামি।
তবে অলিম্পিকে সোনা জিততে না পারলেও ১৯৯৯ ও ২০০৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঠিকই সোনা জিতেছিলেন ডি লিমা। এএফপি।