প্যারালিম্পিয়ানের মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহমান গুলবারনেজহাদ
বাহমান গুলবারনেজহাদ

পদক জয়ের ইচ্ছা নিয়ে প্যারালিম্পিকে এসেছিলেন। রিওতে এসে বাহমান গুলবারনেজহাদ জন্ম দিলেন ইতিহাসের। কিন্তু তাঁর সে ‘ইতিহাস’ বড়ই মর্মান্তিক। প্যারালিম্পিকে অংশ নিতে এসে প্রথম অ্যাথলেট হিসেবে লাশ হয়ে দেশে ফিরে গেলেন ইরানের ৪৮ বছর বয়সী প্যারালিম্পিয়ান সাইক্লিস্ট।
রিও প্যারালিম্পিকের পুরুষদের সিফোর-ফাইভ রেসে ঘটে এ মর্মান্তিক ঘটনা। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির মুখপাত্র ক্রেইগ স্পেনস পরে এক বিবৃতিতে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তিনি (গুলবারনেজহাদ) মারা গেছেন। দুর্ঘটনার পরপর ঘটনাস্থলেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তাঁকে অ্যাথলেটদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু পথেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ঘুরিয়ে রিও ইউনিমেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান।’
রিও প্যারালিম্পিকের যোগাযোগ ব্যবস্থাপক মারিও আনদ্রাদা পরে জানিয়েছেন, রেসের সময় পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন গুলবারনেজহাদ। তাঁর হেলমেটও ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুলবারনেজহাদ ১২ বছর ধরে সাইক্লিং করে আসছিলেন। এক সন্তানের পিতা এই অ্যাথলেট ২০১২ লন্ডন প্যারালিম্পিকেও অংশ নিয়েছিলেন। তাঁর সম্মানে অলিম্পিকপল্লিতে ইরানের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল সমাপনী দিনের আগে এমন একটা দুঃসংবাদ নাড়িয়ে দিয়েছে রিওতে সব অ্যাথলেটকেই। বিবিসি।