প্রতিপক্ষকে নকআউট করে শুরু মোহাম্মদ আলীর নাতির

কাল পেশাদার বক্সিংয়ে অভিষেক হলো নিকো আলীরছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বব এরামের এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। ১৯৬৬ সালে এক হেভিওয়েট বক্সারের প্রমোটার হওয়ার সৌভাগ্য হয়েছিল তাঁর। সে বক্সারের নাম মোহাম্মদ আলী। অনেকের চোখেই সর্বকালের সেরা অ্যাথলেটের সঙ্গে সম্পর্কটা বেশ স্থায়িত্ব পেয়েছিল। আলীর ২৭টি ফাইটের প্রচারের দায়িত্ব বুঝে নিয়েছিলেন এরাম ও তাঁর প্রমোটিং প্রতিষ্ঠান টপ র‍্যাঙ্ক। চার দশকের বেশি পর গতকাল শনিবার আরেক আলীর পেশাদার বক্সিংয়ে অভিষেকের সময়ও প্রমোটার হিসেবে ছিলেন এরাম।

নানার সঙ্গে নিকো
ছবি: ইনস্টাগ্রাম

সর্বকালের সেরা বক্সারের সঙ্গে এই আলীর সম্পর্কটা নানা-নাতির। আলীর দ্বিতীয় স্ত্রীর কন্যা রাশেদা আলীর ছেলে নিকো আলী ওয়ালশ কালই প্রথম পেশাদার বক্সিংয়ের বাউটে নেমেছিলেন। কিংবদন্তির নাতি হিসেবে পরিচয় দিতে যে তাঁর কোনো আপত্তি নেই, সেটা বুঝিয়ে দিয়েছেন রিংয়ে নেমেই। পরনে ছিল তাঁর কিংবদন্তিরই একটা শর্টস। নানার কাছ থেকে পাওয়া ষাটের দশকের সে শর্টস পরে প্রতিপক্ষ জর্ডান উইকসকে ৭০ সেকেন্ডের মধ্যেই নকআউট করে দিয়েছেন আলী ওয়ালশ।

রিংয়ে নিকো আলী
ছবি: ইনস্টাগ্রাম

মিডলওয়েটে লড়া নিকোর কালকের লড়াইটা ছিল চার রাউন্ডের। ওকলাহোমার তুলসার হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে টপ র‍্যাঙ্কের আয়োজিত সে লড়াইয়ের প্রথম রাউন্ডের মাঝপথেই উইকসকে নকআউট করে দিয়েছেন। ১ মিনিট ৪৯ সেকেন্ডের দিকে লড়াই থামিয়ে দিতে হয়েছে। ২১ বছর বয়সী আলী ওয়ালশের সামনে অসহায় হয়ে পড়েছিলেন সাবেক মিক্স মার্শাল আর্ট ফাইটার উইকস।

নিজের প্রথম পেশাদার ম্যাচের পর আলী ওয়ালশ জানিয়েছেন এটুকু পথ পাড়ি দিতেও কম কষ্ট হয়নি তাঁর, ‘এটা খুব এক আবেগপ্রবণ যাত্রা ছিল, পুরো যাত্রাটাই। আমি যেমন আশা করেছিলাম, তেমনই ছিল। কোনো সন্দেহ নেই যে পুরো সময়ে নানাকে বারবার মনে পড়ছিল। তাঁর অভাব বোধ করি আমি।’

২০১৬ সালে বিদায় বলে দেওয়া কিংবদন্তির সাবেক প্রমোটার বব এরামের জন্যও কাল রাতটি ছিল আবেগের। ৮৯ বছর বয়সী এরাম ফাইটের পর টুইট করেছেন, ‘এই তরুণের জন্য কী জাদুকরী এক রাত। এভাবে নিজস্ব উপায়ে তাঁকে সম্মান দেওয়া দেখে তাঁর নানা গর্বিত হতো। টপ র‍্যাঙ্কে আমরা সবাই আশা করি, তাঁর পেশাদার যাত্রায় অংশ হতে পারব।’

শিকাগোতে জন্ম নেওয়া আলী ওয়ালশ বড় হয়েছেন লাস ভেগাসে। এত বিখ্যাত নানাকে দেখেও বক্সিংয়ে খুব একটা আগ্রহ ছিল না তাঁর। তাঁর মা রাশেদা আলীরও খুব একটা আগ্রহ ছিল না, ছেলে বক্সিংয়ে আসুক। কিন্তু রক্তের ডাক তো উপেক্ষা করা যায় না। ১৪ বছর বয়সে এসে বক্সিং নিয়ে আগ্রহী হয়ে ওঠেন নিকো আলী। মৃত্যুর আগে এ ব্যাপারে নাতিকে ফেসটাইমে পরামর্শও দিতেন কিংবদন্তি। ১৫ বছর বয়সী নিকোর বক্সিংয়ের আগ্রহ এরপর শুধু বেড়েছেই।

নাতিকে ফেসটাইমে উপদেশ দিচ্ছেন আলী
ছবি: ইনস্টাগ্রাম

এসব ক্ষেত্রে যা হয়, ‘লিগ্যাসি’ চাপ হয়ে ওঠে। প্রতি পদক্ষেপে তুলনা চলে। পরিবারের নাম বহন করার যোগ্য কি না, সে আলোচনা যুক্ত হয় প্রতিটি পাঞ্চ আর জ্যাবে। কিন্তু নিকো সেটা প্রথম থেকেই মেনে নিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, না, আমার সৌভাগ্য হলো আজীবন এ চাপ নিয়ে বড় হয়েছি। বক্সিং হোক, স্কুল হোক বা জীবনের যেখানেই হোক না কেন, আমাকে সব সময় নানার সঙ্গে তুলনা করা হয়েছে। সন্দেহ নেই, আমি যখন তাঁর খেলায় অংশ নেব, তখন তুলনা আরও বেশি করে করা হবে। তবে আমি এমন চাপ সব সময় সহ্য করেছি। আমার তো মনে হয়, সব বক্সারেরই চাপ আছে। তাই অন্যরা এটা যেভাবে দেখে, আমি সেভাবে দেখি। উনি আমার নানা, ব্যাপারটা এতটাই সহজ।’

নানার বক্সিং-যাত্রায় ছিলেন, যুক্ত হলেন নাতির যাত্রাতেও
ছবি: টুইটার

শুধু বক্সিং নিয়েই যে ব্যস্ত নিকো, তা নয়। পেশাদার বক্সিংয়ের জন্য প্রস্তুত হতে হতে লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষায় পড়াশোনা করছেন। তবে টানটা বক্সিংয়ের দিকেই। পড়াশোনার পাশাপাশি পেশাদার বক্সিংয়ে মন দেওয়া যে সহজ নয়, সেটা মানেন নিকো, ‘আমার জন্য খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমি বক্সিং করছি। কারণ, আমার কাছে লিগ্যাসি ধরে রাখা গুরুত্বপূর্ণ। এটাই আমাকে বক্সিংয়ের প্রেরণা দেয়। আমার যদি পারিবারিক ইতিহাস না থাকত, তাহলে হয়তো কিছু জিনিস আমার পক্ষে করা সম্ভব হতো না।’

প্রজাপতির মতো ওড়ো, হুল ফোটাও মৌমাছির মতো! মোহাম্মদ আলীর বক্সিং মানেই ছিল ভয়ংকর গতি, পায়ের দ্রুত ছন্দ। আর সে সঙ্গে লম্বা হাত। নিকোর অস্ত্রও কি তা–ই? না, নিকো নিজের সীমাবদ্ধতা মেনে নিয়েছেন, ‘আমার শক্তি মনোযোগে। যেসব ফাইটারের মূল শক্তি মনোযোগ আর দৃঢ়তা, তাঁদের ভক্ত আমি। কারণ, কাজটা সহজ নয়। বক্সিংয়ের ৯০ ভাগ মানসিক শক্তি। আমি নিশ্চিত, সর্বকালের সেরা বক্সাররা আপনাকে এটাই বলবে।’