প্রথম দিনে বিপুল সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর থেকেই মিরপুর সুইমিং কমপ্লেক্সের সামনে খুদে সাঁতারুদের জটলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়েছে পাল্লা দিয়ে। মিরপুরের স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাভার, নবাবগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, বিকেএসপি থেকে এসেছিল প্রায় আড়াই হাজার সাঁতারু।
নৌবাহিনী আর ফেডারেশনের উদ্যোগে কাল থেকে সারা দেশে শুরু হয়েছে সাঁতারু অনুসন্ধানের এই কর্মসূচি। আর প্রথম দিনে এমন সাড়া পেয়ে আপ্লুত ফেডারেশনের কর্মকর্তারা।
মিরপুর কসমো স্কুলের ছাত্রী মুনতাহা জামিয়া হোসেনের জন্য এ এক অন্য রকম অভিজ্ঞতা। অনূর্ধ্ব-১২ বছর বিভাগে ৫০ মিটার ফ্রি-স্টাইলের জন্য পানিতে নামলেও মুনতাহা বেশি দূর যেতে পারল না। শুরুতেই কয়েক ঢোক পানি খেয়ে ২৫ মিটার যেতে না-যেতেই হাঁপিয়ে ওঠে। পরে সাঁতার শেষই করতে পারেনি ওই বালিকা। সাভার গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন আহমেদ নিজের লেন ছেড়ে সাঁতরাতে শুরু করলেন অন্যের লেনে। বুড়িগঙ্গায় সাঁতার কাটা রাব্বি শেখ ইসলামপুরে কাপড়ের দোকানের কর্মচারী। এসেছিল বাবুবাজারে শরবত বিক্রেতা মোহাম্মদ রাসেলও।
এমন আনাড়ি সাঁতারুদের পাশাপাশি ছিল সারা বছর অনুশীলনের মধ্যে থাকা বিকেএসপির সাঁতারুরাও। গত বছর বয়সভিত্তিক সাঁতারে বালিকা বিভাগে সেরা হওয়া রুপা খাতুন এদের একজন। অনূর্ধ্ব-১২ বছর বয়সীদের বিভাগে ৬টি সোনাজয়ী রুপা গতবার ৫টি ইভেন্টে রেকর্ড গড়েছিল। এখানে স্বাভাবিকভাবেই প্রাথমিক বাছাইয়ে টিকে গেছে কুষ্টিয়ার আমলার মেয়ে।
সারা দেশের সাঁতারু বাছাইয়ের পুরো প্রক্রিয়ার সমন্বয়কারী কমান্ডার মোহাম্মদ শহীদ হাসান। নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের এই সচিব এই কর্মসূচি নিয়ে খুব আশাবাদী, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা আরও নতুন শিলাদের বের করে আনতে পারব।’ গত এসএ গেমসে সোনাজয়ী মাহফুজা খাতুন শিলাও এই আয়োজনে খুশি, ‘আমিও এমন তৃণমূল পর্যায়ের কর্মসূচি থেকেই উঠে এসেছি। আমার চাওয়া ফেডারেশন যেন এটির ধারাবাহিকতা ধরে রাখে।’
কাল প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদসহ অন্যরা।