ফুটবল ও বেসবল দিয়ে শুরু হয়েছে টোকিও অলিম্পিক গেমস। এদিকে অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটরা মাঠে নেমেছেন আজ থেকে। প্রথম দিনে আর্চারিতে মেয়েদের রিকার্ভে র্যাঙ্কিং রাউন্ডে অংশ নেন দিয়া সিদ্দিকী।
অলিম্পিকে দিয়ার শুরুটা বেশ ভালোই হয়েছে। ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর করেছেন নীলফামারীর তরুণী। ৬৪ জনের মধ্যে ৩৬তম হয়েছেন। গত জুনে প্যারিসে বিশ্বকাপ আর্চারির স্টেজ থ্রির চেয়ে পারফরম্যান্সে উন্নতি ঘটেছে দিয়ার। সর্বশেষ এই আন্তর্জাতিক টুর্নামেন্টে দিয়ার স্কোর ছিল ৬১৭। ৬৯তম হয়েছিলেন তিনি।
সেবার প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ম্যারি হোরাকোভার কাছে হেরেছিলেন ৩-৭ সেট পয়েন্টে। অলিম্পিকের প্রথম রাউন্ডে দিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন বেলারুশের কারিনা দিওমিনসকায়াকে।
আজ মেয়েদের এই ইভেন্টে ২৫ বছরের পুরোনো অলিম্পিক রেকর্ড ভেঙেছেন দক্ষিণ কোরিয়ার আন সান। সর্বোচ্চ ৬৮০ পয়েন্ট পেয়ে র্যাঙ্কিংয়ে সান হয়েছেন প্রথম। এর আগে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ইউক্রেনের লিনা হেরাসিমেনকো ৬৭৩ পয়েন্ট অর্জন করেন।
প্রথমবারের মতো অলিম্পিকে খেলছেন সান। এত বড় একটা কীর্তি গড়ার পর বিস্ময়ের ঘোর কাটছে না এই তিরন্দাজের, ‘সত্যিই আমি আশা করিনি যে এমন একটা রেকর্ড গড়ব। প্রথমবার গেমসে এসেছি, আজ আমি খুবই আনন্দিত এমন একটা রেকর্ড গড়ে।’
ওয়ার্ল্ড আর্চারি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কোচের পরিকল্পনামতো খেলে এমন সাফল্য পেয়েছেন, ‘সবকিছুই পরিকল্পনামতো হয়েছে। যদিও এখানে সামান্য বাতাস ছিল। তবে আর সবকিছু ঠিক ছিল। যেভাবে খেলেছি, সেটা ভালোই লেগেছে।’
শুধু সানই নন, এই ইভেন্টে আজ আগের অলিম্পিক রেকর্ড স্কোর টপকে গেছেন আরও তিন তিরন্দাজ। সানের স্বদেশি জাং মিনহি ৬৭৭ করে র্যাঙ্কিং রাউন্ডে হয়েছেন দ্বিতীয়।
৬৭৫ পয়েন্ট পেয়ে তৃতীয় আরেক দক্ষিণ কোরিয়ান তিরন্দাজ কাং চাই ইয়াং। আর ৬৭৪ পয়েন্ট স্কোর গড়ে মেক্সিকোর আলেজান্দ্রা ভ্যালেন্সিয়া হয়েছেন চতুর্থ। ৬৬৩ পয়েন্ট পেয়ে মেয়েদের রিকার্ভের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ তিরন্দাজ ভারতের দিপীকা কুমারী হয়েছেন নবম।
আজ মেয়েদের দলগত ইভেন্টেও একটা রেকর্ড হয়েছে কোরিয়ার। ২০৩২ পয়েন্ট পেয়ে দলগত বাছাইয়ের নতুন রেকর্ড গড়েছেন কোরিয়ার মেয়েরা। তাঁরা ভেঙেছেন ২০০৪ সালের রেকর্ড। পদকের জন্য এই ইভেন্টের এককে লড়বেন ৬৪ জন তিরন্দাজ, দলগত ইভেন্টে খেলবে ১২টি দেশ।