
অলিম্পিকের আগেই কি পুরোপুরি সুস্থ হবেন উসাইন বোল্ট? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। পরশু জ্যামাইকার অলিম্পিক অ্যাসোসিয়েশন ঘোষিত অলিম্পিক দলে আছেন বিশ্বের দ্রুততম মানব। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে—এই তিন ইভেন্টেই আছে তাঁর নাম।
তবে হ্যামস্ট্রিং চোটের কারণে এ মাসের শুরুতে জ্যামাইকার অলিম্পিক ট্রায়াল ছেড়ে যাওয়া বোল্টের বিকল্প রাখতেও ভোলেনি জ্যামাইকা। ব্যক্তিগত ইভেন্টে এক দেশ থেকে সর্বোচ্চ তিনজন অংশ নিতে পারেন, কিন্তু জ্যামাইকা দিয়েছে চারজনের নাম। বোল্ট যদি সময়মতো ফিট হতে না পারেন, সেই ভয় থেকেই এই সিদ্ধান্ত। অলিম্পিকে প্রাথমিক দল দেওয়ার শেষ সময় ১৮ জুলাই। এর এক সপ্তাহ আগেই দল দিয়েছে জ্যামাইকা। তবে অ্যাথলেটিকস দলে পরিবর্তন করা যাবে ১০ আগস্ট পর্যন্ত।
বেইজিং ও লন্ডন অলিম্পিকে ‘ট্রিপল’ জয়ী বোল্ট জার্মানিতে অনুশীলনও শুরু করে দিয়েছেন। ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফিটনেস প্রমাণের সুযোগ পাচ্ছেন পরবর্তী ডায়মন্ড লিগে। ২২ জুলাই লন্ডনে শুরু হতে যাওয়া মিটে এই মৌসুমে প্রথমবারের মতো ২০০ মিটারেও দৌড়ানোর কথা বোল্টের। ৮ জুলাই ব্রিটিশ অ্যাথলেটিকসের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বোল্ট সেটি দেখার জন্য আমন্ত্রণও জানিয়েছেন সবাইকে, ‘২২ জুলাই আমার দৌড় দেখতে লন্ডনের অ্যানিভার্সারি গেমসে আসুন। আমি জানি দারুণ কিছু হবে, তাই মাঠে আসুন ও আমাকে সমর্থন দিন।’ ২০১২ অলিম্পিকের স্মরণে ডায়মন্ড লিগের লন্ডন মিটকে ‘অ্যানিভার্সারি গেমস’ বলা হচ্ছে।
২৯ বছর বয়সী বোল্ট এ সপ্তাহের শুরুতে ফ্রান্সে গিয়ে জার্মান ডাক্তার হান্স-ভিলেহেলম মুলার-ভলফার্টের পরামর্শ নিয়েছেন। এরপরই রিও অলিম্পিকে ‘ট্রিপল’-এর হ্যাটট্রিক করার স্বপ্ন চোখে অনুশীলন শুরু করেছেন জার্মানিতে। এএফপি, রয়টার্স, ডেইলি মেইল।