প্রিমিয়ারে খেলার স্বপ্ন পুলিশ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক ক্লাব। চ্যাম্পিয়নশিপ লিগে আজ উদ্বোধনী ম্যাচে পুলিশ দলটি খেলবে উত্তর বারিধারার সঙ্গে।
দলের সবাই পুলিশ সদস্য। গত মৌসুমে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়া দলটি মাত্র তিনজন ফুটবলারকে বাইরে থেকে নিয়েছে। তবে তাঁদের হাতেও তুলে দেওয়া হয়েছে পুলিশে চাকরির নিয়োগপত্র। আগে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে এসে পরদিনই খেলতে নামতেন। কিন্তু এবার থেকে খেলোয়াড়দের রাখা হবে ‘ডিউটি ফ্রি’। ছয় মাস ধরে ফুটবলাররা অনুশীলন করছেন উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের নিজস্ব মাঠে।
দ্বিতীয় স্তরের এই দলটিকে ৫০ লাখ টাকা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স। বাফুফে থেকে অংশগ্রহণ ফি আছে ৫ লাখ। বাজেটটি বেশ ভালো। এর চেয়ে অর্ধেক টাকা দিয়েও প্রিমিয়ার লিগের অনেক ক্লাব দল গড়ে!
পুলিশ সদর দপ্তরে ফুটবলারদের পরিচিতি পর্বে জার্সিও উন্মোচিত হলো। লিগে পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের আর্থিক প্রণোদনা দেওয়ার কথাও বললেন পুলিশ কর্মকর্তারা। দলের ম্যানেজার এবং ঢাকা মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান বললেন, ‘আমি আশাবাদী, আমাদের এই দল একদিন প্রিমিয়ার লিগে খেলবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শহিদুল হকের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।