প্লেগ, ঝড়, মহামারি আর গরমের অলিম্পিক

টেনিস কোর্টে গরমে কাহিল হয়ে পড়েন দানিল মেদভেদেভছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে ঝিনুকের প্লেগ। করোনাভাইরাস তো তার আগে থেকেই ছিল, এখনো আছে। কয়েক দিন আগে জানা গেল, হানা দিতে পারে সামুদ্রিক ঝড়—টাইফুন! এখানেই শেষ নয়। অসহ্য গরমকে উপেক্ষা করবেন কীভাবে!

অলিম্পিক আয়োজনে টোকিওর আয়োজকেরা সম্মত হওয়ার সময় ঘুণাক্ষরেও টের পাননি, কী অপেক্ষা করছে তাদের সামনে। জাপানের রাজধানীতে করোনায় জরুরি অবস্থার মধ্যে চলছে অলিম্পিক।

কাল ও আজ টোকিওতে সর্বোচ্চসংখ্যক করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ডও হয়েছে। এর মধ্যে আবার তাপমাত্রা বাড়ছে হু হু করে।

সংবাদমাধ্যমের মতে, গত কয়েক দশকের মধ্যে তো বটেই, এই অলিম্পিক স্মরণকালের সবচেয়ে ‘উষ্ণ অলিম্পিক’ও হতে পারে। তাপমাত্রা ৮০ থেকে ৯০ ডিগ্রি ফারেনহাইট, এর সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় তা ১০০ ডিগ্রি ফারেনহাইট বলেও মনে হয়।

‘উষ্ণতম’ এই অলিম্পিকের ফল ভোগ করতে হচ্ছে অ্যাথলেটদের। টোকিও অলিম্পিকের উদ্বোধনী দিনে গরমে অজ্ঞান হয়ে পড়েছিলেন রাশিয়ার তিরন্দাজ সভেৎলতা গমবোয়েভা। পরে তিনি সুস্থ হয়ে উঠলেও ভীষণ গরম আবহাওয়া নিয়ে আলোচনা থামেনি।

হুইলচেয়ারে করে কোর্ট ছাড়ছেন পলা বাদোসা
ছবি: রয়টার্স

আজ যেমন টেনিসে ইতালির ফাবিও ফোনিনিকে হারিয়ে শেষ আটে ওঠার পর গরম নিয়ে দুশ্চিন্তা লুকোতে পারেননি রাশিয়ার দানিল মেদভেদেভ। ম্যাচ চলাকালীন তিনি চেয়ার আম্পায়ারকে একবার জিজ্ঞেসও করেন, ‘এই গরমে আমি মারা গেলে দায় কার?’

ম্যাচের সময় মেডিকেল বিরতি ছাড়াও দুবার নিজের ট্রেনারের দ্বারস্থ হন মেদভেদেভ। গরমে টিকতে পারছিলেন না। ম্যাচ শেষে তাঁর ভাষ্য, ‘প্রথম সেট থেকে নিশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল বুকটা আটকে আসছে। ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না।’

দ্বিতীয় সেট চলার সময় আম্পায়ার তাঁর কাছে জানতে চান, সুস্থ বোধ করছেন কি না। মেদভেদেভের উত্তর, ‘আমি ম্যাচটা শেষ করতে পারব। তবে মারাও যেতে পারি। যদি মারা যাই, আপনি দায় নেবেন?’

মেদভেদেভের মতে, টোকিও দিনটা ‘উষ্ণতম, সূর্য ছিল মাথার ওপর। দ্বিতীয় সেট শেষে চোখে অন্ধকার দেখেছি। মনে হচ্ছিল কোর্টেই পড়ে যাব।’

ম্যাচটা শুরু হয় সকাল ১১টায়। মেদভেদেভ আরও পরে খেলতে চেয়েছিলেন। কিন্তু আয়োজকেরা রাজি হননি। মেদভেদেভ তবু খেলা শেষ করে পেরেছেন, এদিকে মেয়েদের টেনিসে পলা বাদোসার অবস্থা তো ম্যাচই শেষ করতে পারেননি। কোয়ার্টার ফাইনালে ম্যাচ চলাকালীন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কোর্ট ছেড়েছেন হুইলচেয়ারে। হেঁটে কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার শক্তিও ছিল না।

অলিম্পিকের উদ্ধোধনী দিনে গরমে অজ্ঞান হয়ে পড়েন রাশিয়ার তিরন্দাজ সভেৎলতা গমবোয়েভা

মারকেতা ভন্দ্রুসোভার বিপক্ষে প্রথম সেট হারের পর দীর্ঘ মেডিকেল বিরতি নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ থেকে সরে দাঁড়ান বাদোসা। টোকিও অলিম্পিকে গরম নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘প্রথম দিন থেকেই এমন হচ্ছে। আমরা অ্যাথলেটরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু শরীর সায় দিচ্ছে না। দেখলেন তো, হিট স্ট্রোকে আক্রান্ত হলাম।’

আরিয়াকে টেনিস পার্কে আজ দিনের শুরুটা ছিল বৃষ্টিস্নাত। সময় গড়ানোর সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। আজকের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস (৯০ ডিগ্রি ফারেনহাইট)। তবে এই হিসাব কাগজে-কলমে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তা ৩৭ ডিগ্রি সেলসিয়াসও মনে হয়েছে।

টোকিও অলিম্পিকের শুরুতে সমস্যা বাধিয়েছিল ঝিনুকের প্লেগ রোগ। এ জন্য সুইমিংপুলে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হন আয়োজকেরা।

মাসের পর মাস ধরে আয়োজনের নানা জিনিসপত্র নষ্ট হয়। এই ক্ষতি পুষিয়ে নিতে ১.২৮ মিলিয়ন ডলার খরচ হয় টোকিওর আয়োজকদের। গত পরশু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সামুদ্রিক ঝড় ধেয়ে আসছে টোকিওর প্রতি।

এতে আর্চারির ইভেন্ট পিছিয়ে দেওয়া হয়। আর আজ টোকিওতে করোনা সংক্রমণের সংখ্যা ৩ হাজার ছাপিয়ে যায়। এ নিয়ে টানা দুই দিন সংক্রমণের রেকর্ড হলো জরুরি অবস্থার মধ্য দিয়ে যাওয়া অলিম্পিক–শহরে।

নাহ, এই অলিম্পিক সবাইকে ভুগিয়ে ছাড়ছে!