ফাইনালে উঠেই 'সোনা' জয়ের আনন্দ!

শাহনাজ পারভীন মালেকার নাকের পাশ দিয়ে দরদরিয়ে রক্ত ঝরছে। শ্রীলঙ্কার খেলোয়াড়ের নখের আঁচড়ে ছিলে গেছে মুখের চামড়া। কিন্তু সেদিকে নজর দেওয়ার সময় কোথায়? সতীর্থদের নিয়ে তখন বাঁধভাঙা উল্লাস করছেন বাংলাদেশ মহিলা কাবাডি দলের অধিনায়ক। মাইকে বাজানো প্রো-কাবাডির থিম সংয়ের সঙ্গে নাচলেন। গাইলেন। জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সবাই ইনডোর স্টেডিয়ামের ভেতরে ‘ল্যাপ অব অনার’ দিলেন। আনন্দের আতিশয্যে বিওএ কর্মকর্তাদের কাঁধে তুলে নাচতে শুরু করে দিলেন কেউ কেউ। হুট করে দিসপুরের আর জি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে ঢুকলে মনে হতে পারত সোনার পদকই হয়তো জিতে ফেলেছে মহিলা কাবাডি দল। কিন্তু তা তো নয়। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১৮-১৬ পয়েন্টে হারিয়েই এই আনন্দ।
কাবাডি থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ায় পাকিস্তান মহিলা দল। তাই ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিতই ছিল। কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে একটু চাপেই পড়ে যান বাংলাদেশের মেয়েরা। পরে ভারতের কাছে হারলেও জেতে নেপালের বিপক্ষে। কাল শ্রীলঙ্কাকে সেমিফাইনালে পেয়ে প্রতিশোধের অপেক্ষাই করছিলেন মালেকারা। অলিখিত ‘ফাইনাল’ বানিয়ে ফেলা ম্যাচে শেষ পর্যন্ত ঘাম ঝরিয়েই জিতেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে ৬-৩ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ ২৫ মিনিট পর্যন্ত ১৪-৮ পয়েন্টে এগিয়ে ছিল। আধঘণ্টা ব্যাপ্তির ম্যাচে একপেশে এক সেমিফাইনালেরই তো আভাস জাগে! কিন্তু এরপর থেকেই ম্যাচে ফিরতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ বাঁশি যখন বাজল, দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্ট!
এমনিতেই বাংলাদেশের মেয়েরা সারা বছর খেলার সুযোগ পায় না। এবার সেই সুযোগ আরও কম পেয়েছে। মহিলা লিগের আয়োজন করলেও ফেডারেশন সেখানে খেলতে দেয়নি ক্যাম্পে থাকা মেয়েদের। কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই খেলতে নেমে তাই একটু জড়তাই ছিল প্রথম দিন। তবে শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন কোচ আবদুল জলিল, ‘আমরা বাংলাদেশে মেয়েদের শুধু ট্রেনিংটাই দিয়েছি। কোনো ম্যাচ খেলতে পারিনি। এ জন্যই প্রথম ম্যাচে হারি। তবে আজ সেমিফাইনালে জিততে পেরেছি বলে খুব ভালো লাগছে।’ অধিনায়ক শাহনাজ পারভীন মালেকাও যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন, ‘আসলে আমরা খুবই টেনশনে ছিলাম এই ম্যাচ নিয়ে। তবে আমরা খুবই ঠান্ডা মাথায় খেলেছি। এত দিন যে পরিশ্রম করেছি এর ফলটা পেলাম আজ। দেশের মাটিতে অনেক ম্যাচ খেলার দরকার ছিল। কিন্তু একটি ম্যাচও খেলতে পারিনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে যে ভুলগুলো করেছিলাম সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আজ জিতেছি।’
আজ ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত। গত এসএ গেমসেও সোনার লড়াইয়ে ভারতই ছিল সামনে। দক্ষিণ এশিয়ার কাবাডিতে সবার ধরাছোঁয়ার বাইরে থাকা ভারতকেও এবার হারানোর স্বপ্ন দেখছেন মালেকা, ‘ভারতের প্রতিটি প্রদেশে কাবাডি হচ্ছে। নিয়মিত লিগও হচ্ছে। এই ভারতকে হারানো খুব কঠিন। তবুও আমরা সোনা জয়ের আশায় মাঠে নামব।’
মেয়েরা ফাইনালে উঠলেও কাল সেমিফাইনালে ছেলেরা ভারতের কাছে হেরেছে ২৯-৯ পয়েন্টে। তবে সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জটা পাচ্ছেন আরদুজ্জামানরা।