ফারাহর 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ হাজার মিটারে সোনা জয়ের পর ‘বোল্ট’ হয়ে গেলেন মো ফারাহ l রয়টার্স
৫ হাজার মিটারে সোনা জয়ের পর ‘বোল্ট’ হয়ে গেলেন মো ফারাহ l রয়টার্স

শেষ দুই চক্করের আগ পর্যন্তও কেনিয়ার কালেব এনদিকুর চেয়ে কিছুটা পেছনে। এরপরই ভোজবাজির মতো যেন স্প্রিন্টার হয়ে গেলেন মো ফারাহ। শেষ ৮০০ মিটারেই করলেন বাজিমাত, ১০ হাজার মিটারের পর কাল জিতলেন ৫ হাজার মিটারের সোনাও। টানা দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো অ্যাথলেটের এই দুই ইভেন্টের ‘ডাবল’ এই প্রথম।
শুরুতে একটু ধীর থাকার কারণটা জানিয়েছেন পরে, ‘খুব ভালো বোধ করছিলাম না। আমার হ্যামি (হ্যামস্ট্রিং) একটু সমস্যা করছিল। শুরুতে একটু স্নায়ুচাপেও ভুগছিলাম। কিন্তু চিকিৎসকদের সহায়তায় এটা করতে পেরেছি।’
লন্ডন অলিম্পিকেও ‘ডাবল’ জিতেছিলেন মো ফারাহ। সেই কীর্তির পর ট্র্যাকে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে ফারাহর উদ্যাপন হয়ে আছে সেই অলিম্পিকের অমর ছবিগুলোর একটি। এবার আর সেটি সম্ভব ছিল না। ফারাহর স্ত্রী আবারও সন্তানসম্ভবা। তিনি তাই ইংল্যান্ডেই আছেন, তিন ছেলেমেয়েও মায়ের সঙ্গে। ফারাহর তাই বাড়িতে ফিরে যেতে তর সইছে না, ‘কখনো কখনো পরিবারের কাছ থেকে দূরে থাকাটা মেনে নেওয়া কঠিন। এখন আমি বাড়িতে গিয়ে ওদের সঙ্গে উদ্যাপন করতে চাই।’ রয়টার্স।