ফিনাকে জানাবে সাঁতার ফেডারেশন
মানববন্ধন হয়েছে। সাঁতারুদের স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতেও প্রস্তুত ফেডারেশন কর্মকর্তারা। তবে এসব আন্দোলন কর্মসূচির পাশাপাশি সাঁতারের সর্বোচ্চ সংস্থা ফিনার দ্বারস্থ হতে যাচ্ছে ফেডারেশন।
মিরপুর জাতীয় সাঁতার কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের এমন অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদেই ফিনায় যাওয়ার কথা ভাবছে সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন জানালেন, ‘যখন এই আন্তর্জাতিক সুইমিংপুল নির্মাণ করা হয়েছিল তখনো ফিনার নিয়ম মানেনি এনএসসি। যতটা জায়গা নিয়ে গ্যালারি এবং অন্যান্য ডরমিটরি তৈরির কথা ছিল সেসব করা হয়নি। এবার এই ভেন্যুর মাঝে দৃষ্টিকটুভাবে আবাসিক ভবন তৈরি করা হচ্ছে। আমরা এটা বন্ধে প্রয়োজনে ফিনার কাছে অভিযোগ করব। তখন কিন্তু বিপাকে পড়বেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সরকার।’
গুঞ্জন উঠেছে বর্তমান কার্যনির্বাহী কমিটির অনেক সদস্যই এই নির্মাণকাজে সহযোগিতা করছেন। সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন অবশ্য কাল এই অভিযোগ অস্বীকার করে বরং ভবন নির্মাণ বন্ধে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন, ‘ভবন নির্মাণ বন্ধে যা যা করার সবই করব আমরা।’