ফিলিস্তিনি বোল্ট
>

সহিংসতা যেখানে নিত্যদিনের ঘটনা, সেই পশ্চিম তীরের রামাল্লায় দৌড়ের তপস্যায় মগ্ন মোহাম্মদ খতিব। ২৫ বছর বয়সী এই অ্যাথলেটের স্বপ্ন—উসাইন বোল্টের সঙ্গে দৌড়াবেন অলিম্পিকে, ফিলিস্তিনি পতাকা গায়ে জড়িয়ে গলায় পরবেন পদক
বন্দুকের মুহুর্মুহু শব্দে সকালের ঘুম ভেঙে যায় প্রায়ই। মোহাম্মদ খতিব আড়মোড়া ভেঙে উঠে পড়েন বিছানা থেকে। অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লায় তখন শ্মশানের নীরবতা। খতিব একটু দম নিয়ে শুরু করেন দৌড়। অ্যাসফল্টের রুক্ষ ট্র্যাকে কখনো পায়ে আঘাত পান। কিন্তু খতিব নিরস্ত হন না। একমনে দৌড়াতেই থাকেন। স্বপ্ন দেখেন, রিও ডি জেনিরো অলিম্পিকে উসাইন বোল্টের সঙ্গে দৌড়াচ্ছেন। স্বপ্ন দেখেন, অলিম্পিকে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে গলায় পদক নিয়ে কাঁদছেন, আনন্দের কান্না!
বেঁচে থাকাটাই যেখানে অলৌকিক ব্যাপার, সেখানে খতিবের এমন স্বপ্ন হয়তো বাতুলতাই। তবে ২৫ বছর বয়সী ফিলিস্তিনের এই যুবক লক্ষ্যে অবিচল। এরই মধ্যে সমাজবিজ্ঞানে ডিগ্রি নিয়েছেন, কাজ করেন যোগ ব্যায়াম প্রশিক্ষক হিসেবে। কিন্তু খতিবের সব ধ্যানজ্ঞান দৌড়। কিন্তু সেই কাজটাই কত কঠিন! অলিম্পিক মানের কোনো ট্র্যাক নেই, অন্যান্য সুযোগ-সুবিধা তো দূরে থাক। অ্যাসফল্টে দৌড়ানো বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু আক্ষেপ থাকলেও সেটিকে বড় করে দেখতে রাজি নন। স্বপ্ন যাঁর অলিম্পিক, তাঁর এত অল্পেই দমে গেলে চলে?
কিন্তু দৌড়টা জীবনের ধ্রুবতারা হয়ে উঠল কবে? যেখানে শিশু-কিশোরেরা বড় হয় ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ছুড়ে, সেখানে স্বপ্নই বা দেখতে পারে কয়জন? ঘটনাটা প্রায় আড়াই বছর আগের। ফিলিস্তিনের গাজান মোহাম্মদ আসাফ ‘আরব আইডল’ হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। খতিবের মনে পড়ে যাচ্ছে, ‘মানুষজন রাতভর উৎসব করল। একজন ফিলিস্তিনি আরব-বিশ্বের ভোটে জিতেছে। আমি মনে মনে বললাম, কোনো ফিলিস্তিনি বৈশ্বিক প্রতিযোগিতায় কিছু জিতলে তখন কী হবে!’ ওই রাতেই ইউটিউবের ভিডিও দেখে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। তখন ১০ মিটার দৌড়াতে তাঁর সময় লাগত ১৫ সেকেন্ড। এই কয়েক বছরে সেটা কমিয়ে নিয়ে এসেছেন ১১ সেকেন্ডে।
কিন্তু বোল্টের ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড দূরে থাক, অলিম্পিকে যাওয়ার ন্যূনতম যোগ্যতা ১০.১৬ সেকেন্ড থেকেই এখনো বেশ পিছিয়ে আছেন খতিব। এখন পর্যন্ত ফিলিস্তিন থেকে অলিম্পিকে অংশই নিয়েছেন হাতে গোনা কয়েকজন। লন্ডন অলিম্পিকে পাঁচজনের মধ্যে চারজনই খেলেছিলেন ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। শুধু জুডোর মাহের আবু রেমেলাই নিজের যোগ্যতায় অংশ নিয়েছিলেন। খতিবও সে রকম কিছুই করতে চান।
কিন্তু বাধার দেয়াল যেন একের পর এক সামনে আসছেই। এমনিতেই ১০০ মিটারের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি। খতিবও বলছেন, ‘অনেকেই ১০০ মিটারে দৌড়ানোর জন্য আমাকে পাগল বলেছিল। কারণ ১০০ ও ২০০ মিটারই সবচেয়ে কঠিন। কিন্তু আমি জানি, আমি এটা পারব এবং করে দেখাব।’ এরই মধ্যে রামাল্লায় নির্মীয়মাণ ভবনের গ্রাসে বিলীন হতে বসেছে ট্র্যাক। যেটুকু আছে, ক্রেনের পেষণে সেটুকুও জর্জরিত।
সমস্যা আরও আছে। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেননি। আধুনিক ট্র্যাকে দৌড়ানোর অভিজ্ঞতাও সেভাবে হয়নি। কিন্তু কিছুদিন আগেই বড় একটা আত্মবিশ্বাস পেয়েছেন। বিদেশে অনুশীলনটা খুবই দরকার হয়ে পড়েছিল, কিন্তু সে জন্য অন্তত ৮ হাজার ডলার দরকার। খতিব তাই ইন্টারনেটে সাহায্যের আবেদন করলেন। সাড়া পেলেন আশাতীত, উঠে এল প্রায় ১৩ হাজার ডলার। তিন মাসের জন্য এখন যুক্তরাষ্ট্রে তাই নিবিড় অনুশীলন করতে পারবেন।
খতিব জানেন, শেষ পর্যন্ত না-ও হতে পারে অলিম্পিকে দৌড়ানোর স্বপ্নপূরণ। কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছেন। কারণটা তাঁর মুখ থেকেই শোনা যাক, ‘ইসরায়েলিরা প্রমাণ করতে চায় আমরা কিছু পারি না। ওরা চায় আমরা শুধু পেছনের দিকে যাই। আমি তাদের একটা জবাব দিতে চাই। আমি অলিম্পিককে সেই আশা পূরণের সুযোগ হিসেবে দেখি। আমি দেখাতে চাই, আমরাও পারি।’
খতিব জানেন, তিনি পারলে সেটা শুধু তাঁর নয়, শুধু ফিলিস্তিনেরও নয়, সেটা হবে একটা আদর্শের বিজয়। এএফপি।