ফুটবল থেকে ম্যারাথনে
সাত বছর আগে ফুটবল দিয়ে শুরু। বাংলাদেশ জাতীয় মহিলা দলে খেলেছেন মিরোনা খাতুন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় মহিলা সাফ, মালয়েশিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ, ঢাকায় অলিম্পিক বাছাইপর্ব, ইন্দো-বাংলা চ্যাম্পিয়নশিপ, এসএ গেমসে বাংলাদেশ দলের অংশ ছিলেন এই মিডফিল্ডার। এমনকি মালদ্বীপের ঘরোয়া ক্লাব কাপেও খেলে এসেছেন। অথচ সেই মিরোনাকে এখন সবাই ‘ম্যারাথনের রানি’ হিসেবে চেনেন!
গত কয়েক বছর যেখানে ম্যারাথন, সেখানেই মিরোনা। চ্যাম্পিয়নের পুরস্কারও উঠছে তাঁর হাতে। কাল অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ঢাকায় মিনি ম্যারাথনের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। এর আগে বিজেএমসির হয়ে জাতীয় মিটে অংশ নিয়েছেন ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়ে। নৌবাহিনীতে বছর তিনেক আগে যোগ দেন অ্যাথলেট হিসেবেই।
বছরখানেক ফুটবল দলে সুযোগ পাচ্ছেন না। তাই ম্যারাথন নিয়েই আছেন। ৭ মার্চ নারী দিবস উপলক্ষে হাতিরঝিলে হয়ে যাওয়া ম্যারাথনে সকালে চ্যাম্পিয়ন হয়ে মিরোনা জেতেন ৩০ হাজার টাকা। ওই দিন বিকেলে প্রাণ আয়োজিত ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার পান নানা খাবার সামগ্রী। কাল অ্যাথলেটিকস ফেডারেশনও কোনো অর্থ পুরস্কার দেয়নি, পেয়েছেন সিরামিকের ডিনার সেট। গত জানুয়ারিতে বিগ বাংলা ম্যারাথনে তৃতীয় হয়েছেন। তবে সেই পুরস্কারের ৫০০ ডলার এখনো পাননি! গত বছর অংশ নেন বান্দরবানে স্কাই ম্যারাথনে, সেখানেও চ্যাম্পিয়ন। এরপর নারী দিবসের ম্যারাথনে রানারআপ। ম্যারাথনে সাফল্যের রহস্য ভাঙলেন কাল, ‘যখনই ম্যারাথন শুরু করি, মাথায় একটাই ভাবনা দৌড় শেষ করতে হবে। দৌড় শেষে দেখি আমিই চ্যাম্পিয়ন।’
কোনটা বেশি ভালো লাগে? ম্যারাথন নাকি ফুটবল? মিরোনার কথা, ‘ফুটবল। ফুটবলই আমার প্রাণ।’ তাই জাতীয় দলের ক্যাম্পে ডাক না পাওয়ায় অনেক দুঃখের তাঁর। তবে সেই দুঃখ কিছুটা ভুলিয়ে দিচ্ছে নৌবাহিনীর স্থায়ী চাকরিটা। বেতনের পাশাপাশি রেশনও পান। বাগেরহাটে বাবা-মায়ের কাছে তা পাঠিয়ে দেন। এই চাকরি না থাকলে অন্য অনেক ফুটবলারের মতো অন্ধকার দেখতেন মিরোনাও। নিজেই বলেন, ‘অং, নুবাই, মাইনুরা ফুটবল থেকে ঝরে পড়েছে। খেলার পাশাপাশি মেয়েদের জন্য ফেডারেশন চাকরির ব্যবস্থা করলে ভালো হতো। কিন্তু ফেডারেশনের সেদিকে নজর নেই।’