ফেডারেশনেই সাঁতার কোচকে নিয়ে ষড়যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ এসএ গেমসে সাঁতারে জোড়া সোনা আসার নেপথ্য কারিগর তিনি। কিন্তু কোরিয়ান সাঁতার কোচ পার্ক তে গুনকেই নানাভাবে নাজেহাল করছেন ফেডারেশনের কিছু কর্মকর্তা। তাঁকে নাকি এ দেশ ছাড়তে বাধ্য করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।
সাঁতার ফেডারেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কাল বললেন, ‘আমাদের দেশি কোচ প্যানেলের কেউ চান না পার্ক এই দেশে কাজ করুক। তাঁরা বলেন, পার্ককে সাড়ে ৪ হাজার ডলার বেতন দিয়ে পুষে কী লাভ? আমাদের সাঁতারুদের তো কোনো লক্ষ্য নেই।’
মিরপুর ক্রীড়াপল্লীতে দুই দফা চুরি হয়েছে পার্কের কক্ষে। আইফোন, ল্যাপটপ, ডলার, বিমানের টিকিটসহ প্রয়োজনীয় জিনিস খোয়া গেছে। মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও খোয়া যাওয়া জিনিস উদ্ধারের তদন্তে কার্যত কোনো উন্নতি নেই।
ত্যক্তবিরক্ত কোরিয়ান কোচ কয়েক দিন আগে ফেডারেশন সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন। নৌবাহিনী প্রধান অবশ্য নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বর দিয়ে পার্ককে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু পার্ক তাতে সন্তুষ্ট হতে পারছেন না।
পার্কের বেতন জোগাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ফেডারেশন শুধু আবাসনের ব্যবস্থা করলেও নিরাপত্তা দিতে ব্যর্থ। কাল এ প্রসঙ্গে জানতে চাইলে বিওএর উপমহাসচিব আশিকুর রহমান মিকু জানান, ‘পার্কের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবু আমরা সাঁতার ফেডারেশনকে একটা সতর্কতামূলক চিঠি দিয়েছি। চিঠিতে লেখা হয়েছে, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে সাঁতারের মান উন্নয়ন ও পার্কের নিরবচ্ছিন্ন প্রশিক্ষণকে বাধাগ্রস্ত করছে কিছু লোক। ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে তাই সতর্ক করা হলো।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোন বন্ধ করে দেন। তবে সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোল্লা বদরুল সাইফ বলেন, ‘আমাদের প্রয়োজনেই আমরা পার্ককে এনেছি। এখানে কেউ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে বরদাশত করব না। কিছু লোক নিজের স্বার্থে এটা করছে কি না, সেটা খুঁজে দেখব। আসলে পার্কের সমস্যা হলো তিনি বেশি উদার। সবার সঙ্গে সহজেই মেশেন।’