ফেরারিতে গতির ফুলকি ছোটাবে এই কিশোরী

শৈশব থেকেই গতির নেশায় পড়েছিলেন মায়া উয়েংছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুঁ, ভুঁ, ভুঁউ, ভুঁউউ...। এরপর চোখের পাতা ফেলতেই লাল রঙের রেসিং কারটা দৃষ্টির ত্রিসীমানার বাইরে! ল্যাপের পর ল্যাপ শুধু ছুটছে আর ছুটছে।

চালকের আসনে চিরায়ত দৃশ্যটা তৈরি করে রেখে গেছেন কিংবদন্তি মাইকেল শুমাখার। সেবাস্তিয়ান ভেত্তেল, কিমি রাইকোনেন, ফার্নান্দো আলোনসোরাও নিজস্ব ভক্তকুল তৈরি করতে পেরেছেন ফর্মুলা ওয়ানের ট্র্যাকে, এই লাল রঙের রেসিং কারে চেপে।

ফর্মুলা ওয়ান–ভক্তদের এতক্ষণে ধরে ফেলার কথা। লাল রঙের রেসিং কার মানেই তো ফেরারি! আচ্ছা, কেমন হয় যদি ফেরারির এই রেসিং কার নিয়ে ফর্মুলা ওয়ান ট্র্যাকে গতির ফুলকি ছোটাতে দেখা যায় কোনো নারীকে?

১৬ বছর বয়সী মায়া উয়েং আপাতত তেমন এক সম্ভাবনাই তৈরি করেছে। ফেরারির ইতিহাসে প্রথম নারী চালক হিসেবে তাদের ড্রাইভার একাডেমির সদস্য হয়েছে মায়া।

ইতালিয়ান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির একাডেমি অব পাইলটস (এফডিএ) প্রোগ্রামে সুযোগ পেয়েছে এই ডাচ্‌ চালক। ফেরারি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অটোমোবাইলস (এফআইএ) মিলে উঠতি প্রতিভাদের নিয়ে গার্লস অন ট্র্যাক নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

এর আগে যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ নম্বর তুলে ফেরারি একাডেমি অব পাইলটস প্রোগ্রামে সুযোগ পায় মায়া।

ফেরারির একাডেমিতে সুযোগ পেয়েছেন মায়া উয়েং
ছবি: টুইটার

স্পেনে জন্ম নেওয়া এই প্রতিভাবান চালকের বাবা ডাচ্‌ এবং মা বেলজিয়ান। ফেরারির এ প্রকল্পে সুযোগ পাওয়ায় চলতি বছর ফর্মুলা ফোরে অংশ নিতে পারবে মায়া উয়েং।

ফেরারির অর্থায়নেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে সে। কারণ, গার্লস অন ট্র্যাক প্রতিযোগিতাটি ১২ থেকে ১৪ বছর বয়সী নারী চালকদের ভেতর থেকে নতুন প্রতিভা বের করে আনার প্রকল্প। মায়া সেখানে ইতিহাস গড়েছে।

ফেরারি ড্রাইভার দলের প্রধান মাত্তিয়া বিনোত্তো তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘স্কুদেরিয়া ফেরারি (ফেরারি টিম) ও একাডেমির ইতিহাসে এটি অনন্য এক মুহূর্ত। মায়া আমাদের সঙ্গে কাজ করবে এবং ফর্মুলা ফোরে অংশ নেবে। একক আসনের ফর্মুলা ওয়ানের পথে এটি হবে প্রথম পদক্ষেপ।’

মায়া উয়েং নিজেও এফডিএতে সুযোগ পাওয়ার দিনটি কখনো ভুলতে পারবে না, ‘এই দিন সারা জীবন মনে রাখব। ফেরারি একাডেমিতে আমিই প্রথম নারী চালক। এফআইএর গার্লস অন ট্র্যাক জয়ের পর মনে হয়েছে স্বপ্নকে সত্যি করতে আমি সঠিক পথেই আছি। ফেরারি চালকের স্যুট পরতে পারব—যাঁরা আমার ওপর এমন ভরসা রেখেছিলেন, তাঁদের জন্য নিজের সর্বস্ব নিংড়ে দেব।’

মায়া উয়েং গতির প্রেমে পড়েছিল শৈশবে। সাত বছর বয়সে ভাইয়ের সঙ্গে পুরোনো কার্ট চালিয়ে গতির প্রেম পড়ে মায়া। এই প্রেমেরই ফল পেল সে সর্বোচ্চ নম্বর তুলে। এফডিএ ম্যানেজার মার্কো মাতাসা বলেন, ‘আমাদের পুরো ক্যাম্পাসের ইতিহাসে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে। অতএব অবশ্যই তাকে নিতে চাই।’

বিবিসি জানিয়েছে, ২০২১ সালে ফর্মুলা ওয়ানে তিনজন সম্ভাব্য নারী চালকের একজন হিসেবে মনে করা হচ্ছে মায়া উয়েংকে। বাকি দুজন জেমি চ্যাডউইক ও তাতানিয়া ক্যালদ্রেনের দল যথাক্রমে উইলিয়ামস ও আলফা রোমিও।

ফর্মুলা ওয়ানে সর্বশেষ কোনো নারী চালককে দেখা গেছে ১৯৭৫ স্প্যানিশ গ্রাঁ প্রিঁতে—ইতালির লেল্লা লোমবার্দি।