ফেল্প্সকে নিয়ে স্পিৎজের বাজি

বয়স হয়ে গেছে ৩১। এবার ব্যক্তিগত মাত্র তিনটি ইভেন্টে অংশ নিচ্ছেন। রিও অলিম্পিকে কয়টি সোনা জিতবেন মাইকেল ফেল্প্স? বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে এবারই তাঁর শেষ পদচারণ, পোডিয়ামের সবচেয়ে উঁচু বেদিতে উঠে অলিম্পিককে বিদায় জানাতে পারবেন সর্বকালের সেরা অলিম্পিয়ান?
অনেকেরই এ নিয়ে কিছু সংশয় আছে, তবে মার্ক স্পিৎজের বিন্দুমাত্রও নেই। যুক্তরাষ্ট্রের সাঁতার কিংবদন্তির বিশ্বাস, রিওতে ‘কয়েকটি’ সোনা জিতবেন ফেল্প্স।
ফেল্প্স দৃশ্যপটে আসার আগে সাঁতারের ইতিহাস রাঙিয়ে রেখেছিলেন তিনিই। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে সাতটি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই সোনা জিতেছিলেন স্পিৎজ, যে কীর্তি ৩৬ বছর পর বেইজিংয়ে পেরিয়ে গিয়েছিলেন ফেল্প্স (আট ইভেন্টে আটটি সোনা)। তবে একটা জায়গায় স্পিৎজ এখনো অনন্য, তাঁর সাতটি সোনাই এসেছিল সে সময়ের বিশ্ব রেকর্ড গড়ে।
সব মিলিয়ে ৯টি অলিম্পিক সোনাজয়ী স্পিৎজ রিওতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের সঙ্গে দেখা করতে। সেখানেই ‘ফেল্প্স এবার সোনা জিতবেন কি না’ প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমার তাই মনে হয়। কয়েকটি জিতবে।’
যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার মিডলেতে জিতলেও ফেল্প্সের পারফরম্যান্স ঠিক ‘ফেল্প্সসুলভ’ ছিল না। কিন্তু স্পিৎজের বিশ্বাস, নিজের শেষ অলিম্পিক বলেই বাড়তি তাড়না থাকবে ফেল্প্সের, ‘মাইকেল খুব ভালো করবে। অলিম্পিক ট্রায়ালে হয়তো পুরোপুরি বিশ্রাম পায়নি। তবে শেষ বলে এখানে প্রতিটি স্ট্রোকেরই সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে ও।’
তাহলে ১৮ অলিম্পিক সোনার সঙ্গে আরও যোগ হচ্ছে ফেল্প্সের? এএফপি।