ফেল্প্স আর ফিরবেন না

‘না’। বেশ জোর দিয়ে ধীরে ধীরেই উচ্চারণ করলেন মাইকেল ফেল্প্স। এই ‘না’ মানে ফেরার পথটা এবার আসলেই রুদ্ধ। আর পুলে নামা হবে না সম্রাটের।
একটু ফাঁক থেকে যাচ্ছে অবশ্য। ব্যক্তিগত ইভেন্টে আর নামা হবে না। তবে বাংলাদেশ সময় আজ সকালে ১০০ মিটার মিডলের রিলেতে নামার কথা। সেটিতে জিতলে অলিম্পিকের সোনার সংখ্যা বেড়ে ২৩ হবে। সেটাও এতক্ষণে হয়তো আপনি জেনে গেছেন।
কিন্তু ফেল্প্স কি আসলেই আর ফিরবেন না? চার বছর আগে লন্ডন অলিম্পিকেও তো একই কথা বলেছিলেন। সে অবশ্য হাসতে হাসতে একটু হালকাভাবেই বলেছিলেন। তবে এবার আর কোনো দ্বিধা নেই, ‘আমি চার বছর আর সাঁতরাতে যাচ্ছি না। আমি এই অবস্থানে অনড়। ২৪ বছর ধরে আমি এই খেলার সঙ্গে আছি, যা করতে চেয়েছি তার সবই পেরেছি। যেভাবে আমি শেষ করেছি, তাতে আমি খুবই খুশি।’
কিন্তু সহযোগীরা যে আরও দেখতে চান তাঁকে। সতীর্থ অ্যান্থনি আরভিন ৩৫ বছর বয়সে পরশুই সোনা জিতে বলেছেন টোকিও অলিম্পিকেও থাকতে চান, ফেল্প্সও তাহলে চার বছর পরের অলিম্পিকে সাঁতরাতে পারেন! সতীর্থ রায়ান লোক্টি কদিন আগেই বলেছেন, ফেল্প্সকে চার বছর পর টোকিও অলিম্পিকেও দেখতে চান। পরশু অনেকেই সেই অনুরোধ করলেন। পরে ফেল্প্স নিজেই জানিয়েছেন, ‘চ্যাড (লে ক্লস) আমাকে চার বছর চালিয়ে যেতে বলেছে। লন্ডনের পরও অনেকে বলেছিল। ডায়ারও (যুক্তরাষ্ট্রের সতীর্থ) একই কথা বলেছি। লন্ডনের পরও ওরা বলেছিল। কিন্তু এবার সে রকম কিছু হবে না।’
পরশু যাঁর কাছে হেরে ফেল্প্সের শেষ, সেই জোসেফ স্কুলিংও ফেল্প্সের বিদায় চান না এখনই, ‘আশা করছি, মাইকেল তার মত বদলাবে। ওকে সাঁতার কাটতে দেখার মধ্যে যে কী আনন্দ! খুবই উপভোগ করি।’
কিন্তু ফেল্প্স জানিয়ে দিয়েছেন, এবার বাগদত্তা নিকোল ও পুত্র বুমারকে সময় দেবেন। এই দুজনের যে তাঁর কাছ থেকে অনেক কিছু পাওনা! এএফপি।