ফেল্প্সের নতুন গৌরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় আসরে অংশ নিতে যাচ্ছেন মাইকেল ফেল্‌প্‌স। আগের চারবারে ১৮টি সোনা, সব মিলিয়ে ২২টি পদক যুক্তরাষ্ট্রের সাঁতারুকে দিয়েছে সর্বকালের সেরার স্বীকৃতি। তবে রিও অলিম্পিকে নতুন এক গৌরবের স্বাদ পেতে যাচ্ছেন ফেল্‌প্‌স। উদ্বোধনী অনুষ্ঠানে এবার দেশের পতাকা থাকবে তাঁর হাতে। যুক্তরাষ্ট্রের অলিম্পিক দল ভোট করে ফেল্‌প্‌সকে দিয়েছে এই সম্মান।

শুনে অবাক হতে পারেন, পতাকা বহন তো দূরে থাক, ২০০০ থেকে শুরু করে ২০১২ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই ছিলেন না ফেল্‌প্‌স। থাকবেন কী করে? উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরই যে পুলে নেমে যেতে হতো। অনুষ্ঠানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা তাই তাঁর পক্ষে সম্ভব হতো না। তার ওপর যুক্তরাষ্ট্রের দলও উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ করে শেষের দিকে।

এবার সেই সুযোগ পাচ্ছেন, কারণ উদ্বোধনী অনুষ্ঠানের কিছুক্ষণ পরই শুরু হওয়া ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অংশ নিচ্ছেন না ফেল্‌প্‌স। ফক্স স্পোর্টস।