
বিশ্বজয়ী মার্কিন সাঁতারু মাইকেল ফেল্প্স। অলিম্পিকের আসরে বহু দেশ যখন পদকের জন্য হাপিত্যেশ করে মরছে, তখন ফেল্প্স একাই জিতে নিচ্ছেন একের পর এক স্বর্ণপদক। বিজ্ঞানীরা বলছেন, ৩১ বছর বয়সী এই ক্রীড়াবিদের প্রতিভার পাশাপাশি শরীরটাও অবিশ্বাস্য রকমের বৈচিত্র্যময়।
রিও অলিম্পিকে এ পর্যন্ত পাঁচটি সোনা ও একটি রুপা পেয়েছেন ফেল্প্স। সায়েন্টিফিক আমেরিকান সাময়িকী বলছে, তাঁর উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আর দুই হাতের বিস্তার ৬ ফুট ৭ ইঞ্চি। সবচেয়ে বড় জুতা জোড়াই তাঁর পায়ে খাপ খায়। ফেল্প্সের ফুসফুসের আকার গড়পড়তা মানুষের ফুসফুসের দ্বিগুণ। এই বিপুল পরিধি আর শরীরের অভাবনীয় নমনীয়তা চমৎকার ধরা পড়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের একটি ছবিতে। এতে দেখা গেছে, বাকি শরীরের তুলনায় তাঁর হাত জোড়ার মাপ কী রকম। এ দুটোই তো তাঁর পানিতে দাপিয়ে বেড়ানোর হাতিয়ার! সত্যি বলতে কি, তাঁর হাত-পায়ে যেন সাঁতারের সহায়ক ফ্লিপার লাগানোই আছে। আর নমনীয়তা! দেখে মনে হয়, শরীরের সব অংশে আছে দুটি করে সন্ধি বা জোড়া।
ছবিটির দিকে তাকিয়ে ফেল্প্সের মতো ভঙ্গি নিজে একবার করে দেখতে পারেন। তাহলেই টের পাবেন, তিনি কেন আর সবার চেয়ে আলাদা এবং হাত জোড়া দিয়ে তিনি কী না করতে পারেন!
অনেকেই বলতে শুরু করেছেন, এটাই ফেল্প্সের শেষ অলিম্পিক! কিন্তু তাঁর নৈপুণ্য আর অবিশ্বাস্য শারীরিক গঠন বিবেচনায় নিন। তিনি ২০২০ সালে টোকিও অলিম্পিকে সোনা জিতে নিলে কেউ কি অবাক হবেন?