ফেল্প্সের 'অভিযান সুসম্পন্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০ মিটার বাটারফ্লাইয়ের সঙ্গে যেন আবেগের সম্পর্ক মাইকেল ফেল্‌প্‌সের। ১৬ বছর আগে সিডনিতে তাঁর অলিম্পিক-যাত্রা শুরু ২০০ মিটার বাটারফ্লাই দিয়েই। ফাইনালে পঞ্চম হয়েছিলেন ১৫ বছরের ফেল্‌প্‌স। পরের বছরই এই ইভেন্টে গড়েন বিশ্ব রেকর্ড। সোনা জেতেন ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে। ২০০ মিটার বাটারফ্লাইয়ের অলিম্পিক রেকর্ড, বিশ্ব রেকর্ড, সবই ফেল্‌প্‌সের অধিকারে। কিন্তু ২০১২ লন্ডন অলিম্পিকে খেলেন ধাক্কা। দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লসের কাছে হেরে এই ইভেন্টে জেতা হলো না টানা তৃতীয় সোনা।

রিও অলিম্পিকে এসে মধুর প্রতিশোধ নিলেন ফেল্‌প্‌স। যদিও ফাইনালের আগে নিজের প্রিয় ইভেন্টে সোনাটা ফিরে পাবেন কি না, তা নিয়ে জেগেছিল একটু শঙ্কা। শঙ্কার কারণও ছিল। হাঙ্গেরির তামাস কেন্দেরেসির পেছনে থেকে ফাইনালে উঠেছেন। কিন্তু ফাইনালে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের কোনো সুযোগ দেননি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান। পুলে ঝাঁপ দেওয়ার পর কাউকে আর নাগাল পেতে দেননি।

২০০ মিটার বাটারফ্লাই থেকেই আসে তাঁর ২০তম সোনা। প্রিয় ইভেন্টে সোনা জিতে আবেগাক্রান্ত হয়ে পড়েন পুলের রাজা। গলায় পদক ঝুলিয়ে কাঁদলেন। গ্যালারিতে দাঁড়ানো পরিবারের সঙ্গে দেখা করলেন, আদর করে এলেন শিশুপুত্র বুমারকে। এর মাত্র পাঁচ মিনিটের বিরতির পর আবারও নেমে পড়েন পুলে। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে আসে আরেকটি সোনা। অলিম্পিকে যেটি তাঁর ২১তম সোনা আর সব মিলিয়ে ২৫তম পদক।

লন্ডন অলিম্পিকে ২০০ মিটার বাটারফ্লাইয়ে লে ক্লস জিতেছিলেন ১ মিনিট ৫২.৯৬ সেকেন্ড সময় করে। ১ মিনিট ৫৩.০১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছিলেন ফেল্‌প্‌স। এবার তার চেয়ে বেশি সময় নিয়েও সোনা। ১ মিনিট ৫৩.৩৬ সেকেন্ডে লক্ষ্যে পৌঁছে তৃপ্তি ছুঁয়ে যাচ্ছে ৩১ বছর বয়সী এই সাঁতারুর, ‘অভিযান সুসম্পন্ন। সত্যি আমি এটা ফিরে পেতে চেয়েছি। এই ইভেন্ট দিয়েই আমার সব অর্জন।’

গত অলিম্পিকে ফেল্‌প্‌সকে হারিয়ে দেওয়া লে ক্লস এবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে হয়েছেন চতুর্থ। ১ মিনিট ৫৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের মাসাতো সাকাই, ১ মিনিট ৫৩.৬২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কেন্দেরেসি।

নীল জলের সঙ্গে তাঁর নিবিড় মিতালি বলেই দুই বছর আগে অবসর ভেঙে ফিরেছেন পুলে। তাঁর জীবনের ছায়াসঙ্গী হয়ে থাকা কোচ বব বাউম্যানকে বলেছিলেন ২০০ মিটার বাটারফ্লাই তাঁর অগ্রাধিকার। ২০১২ লন্ডন অলিম্পিকে পরাজয় তাঁকে কতটা যন্ত্রণা দিয়েছে এই কথাতেই স্পষ্ট, ‘ওই প্রতিযোগিতার পর সত্যি তেতে ছিলাম। ওটা মনে গেঁথে গিয়েছিল। ওই পদকটা বেশি করে ফিরে পেতে চেয়েছিলাম।’

প্রিয় ইভেন্টের সোনাটা ফিরে পেয়েছেন। নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। আর কত উঁচুতে উঠবেন জলমানব? এএফপি, রয়র্টাস।