ফ্যাশনপ্রেমীর কীর্তি

গাঢ় রাঙা লিপস্টিক, আইলাইনার, মাসকারা মিশেল কার্টারের সার্বক্ষণিক সঙ্গী। নিজেকে ‘ডিভা কার্টার’ পরিচয় দিতেই ভালোবাসেন এই মার্কিন শট পুটার। নিজে তো ফ্যাশন করেনই, তিনি একজন পেশাদার রূপসজ্জাশিল্পীও। এই ফ্যাশনদুরস্ত কার্টার ইতিহাস গড়েছেন শুক্রবার। ২০১২ লন্ডন ও ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাজয়ী, এবারের অলিম্পিকেও ফেবারিট নিউজিল্যান্ডের ভ্যালেরি অ্যাডামসকে হারিয়ে শট পুটে সোনা জিতেছেন তিনি। ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন মহিলা অ্যাথলেট সোনা জিতলেন শট পুটে।
শট পুটাররা সাধারণত বিশালদেহী হন। কার্টারও ব্যতিক্রম নন। তবে অন্য শট পুটারদের সঙ্গে পার্থক্য আছে তাঁর। বললেন, ‘এমন একটা খেলায় আছি যেখানে মানুষ আমাদের নারী বা মেয়ে হিসেবে দেখে না। তবে আমি সব সময় নারীই ছিলাম। খেলা ও নারীসত্তার মধ্যে কোনো পার্থক্য করিনি।’ তাঁর কাছে শটপুট ও ফ্যাশন দুটিই সমান গুরুত্বপূর্ণ, ‘আমি চুল ভালোবাসি, ভালোবাসি রূপসজ্জা। আমি ভালোবাসি ফ্যাশন, ভালোবাসি শট পুট ছুড়তে।’ রয়টার্স।