ফ্রেজার-প্রাইস জুরিখেও

বিশ্ব চ্যাম্পিয়নশিপের রেশ এখনো মিলিয়ে যায়নি। পরশু আবার ট্র্যাকে নেমে পড়লেন অ্যাথলেটরা। ডায়মন্ড লিগের জুরিখ মিটে অবশ্য বোল্ট-গ্যাটলিনরা ছিলেন না। আলোর অনেকটুকুই নিজের দিকে টেনে নিয়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের পর পরশু এখানেও সোনা জিতেছেন জ্যামাইকার ‘পকেট রকেট’। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কীর্তির পুনরাবৃত্তি করতে পারেননি ওয়েইড ফন নিকার্ক ও ডেভিড রুডিশারা। ৪০০ মিটারে নিকার্ক পেয়েছেন ব্রোঞ্জ, আর ৮০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন রুডিশা তো প্রথম তিনেই ছিলেন না, শেষ করেছেন চারে।
১০.৯৩ সেকেন্ড সময় নিয়েছেন ফ্রেজার-প্রাইস, বিশ্ব চ্যাম্পিয়নশপের চেয়ে যেটি (১০.৭৬ সেকেন্ড) অনেকটাই বেশি। তবে এ নিয়ে তাঁর আক্ষেপ নেই, ‘এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারতাম না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর এবার ডায়মন্ড লিগও জিতলাম।’
১৪টি আলাদা মিটসংবলিত ডায়মন্ড লিগের আর একটি মিটই বাকি, আর এক সপ্তাহ পরই সেটি হবে ব্রাসেলসে। প্রতি মিটে ইভেন্টের প্রথম হওয়া অ্যাথলেট পান ৪ পয়েন্ট, দুই ও তিনে থাকা অ্যাথলেট পান ২ ও ১ পয়েন্ট করে। অনেকেরই তাই চ্যাম্পিয়ন হওয়া চূড়ান্ত হয়ে গেছে। ১০০ মিটারে বোল্টের অনুপস্থিতিতে ডায়মন্ড লিগে গ্যাটলিনের শিরোপাও যেমন নিশ্চিত, মেয়েদের ১০০ মিটারে পরশুই ডায়মন্ড লিগ ট্রফি জিতে ৪০ হাজার ডলারও পেয়ে গেছেন ফ্রেজার-প্রাইস। এএফসি, আইএএএফ।