বজ্রবিদ্যুৎ এখন নির্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জনটা যতটা তাঁর, ততটা সতীর্থদেরও। ৪x১০০ মিটার রিলের সোনা জয়ের আনন্দ তাই সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন উসাইন বোল্ট। কাল রিওর অলিম্পিক স্টেডিয়ামে l রয়টার্স
অর্জনটা যতটা তাঁর, ততটা সতীর্থদেরও। ৪x১০০ মিটার রিলের সোনা জয়ের আনন্দ তাই সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন উসাইন বোল্ট। কাল রিওর অলিম্পিক স্টেডিয়ামে l রয়টার্স

এক দিকে উসাইন বোল্ট, ইয়োহান ব্লেক, আসাফা পাওয়েল ও নিকেল অ্যাশমিড। অন্যদিকে জাস্টিন গ্যাটলিন, মাইক রজার্স, টাইসন গে ও ট্রায়ভন ব্রোমেল। পুরুষদের ১০০ মিটার রিলেতে জ্যামাইকা আর যুক্তরাষ্ট্রের মধ্যে জমজমাট একটা লড়াই হবে বলেই মনে করা হচ্ছিল। লড়াই কিছুটা হলো বটে। তবে জ্যামাইকার সঙ্গে যুক্তরাষ্ট্রের নয়, জাপানের। সেই লড়াইয়ে জিতে জ্যামাইকা পেল রিও অলিম্পিকে ষষ্ঠ সোনা, বোল্টের হলো ‘ট্রিপল ট্রিপল’। অনেককে চমকে দিয়ে জাপান পেল রুপা। আর যুক্তরাষ্ট্র?
তৃতীয় হয়ে গায়ে পতাকা জড়িয়ে পুরো স্টেডিয়াম চক্কর দেওয়ার পর গ্যাটলিন-গে-ব্রোমেলরা জানতে পারলেন, তাঁদের অযোগ্য (ডিসকোয়ালিফায়েড) ঘোষণা করা হয়েছে। প্রথমবারের ব্যাটন পরিবর্তনটা নির্দিষ্ট সীমার মধ্যে হয়নি। ব্রোঞ্জ দেওয়া হয় কানাডাকে। 
রিলেতে ঠিকভাবে ব্যাটন বদলাতে না পারায় ডিসকোয়ালিফায়েড হয়ে যাওয়ার অভিজ্ঞতা অবশ্য যুক্তরাষ্ট্রের জন্য নতুন নয়। ১৯৯৫ সালের পর থেকে এ পর্যন্ত অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মোট ৯ বার এই কারণে রিলেতে অযোগ্য ঘোষিত হয়েছে যুক্তরাষ্ট্র। টাইসন গে অবশ্য এটাকে দেখছেন স্রেফ দুর্ভাগ্য হিসেবে, ‘কী হাস্যকর কাণ্ড! আমরা যখন স্টেডিয়াম চক্কর দিয়ে এসে টেলিভিশনের সঙ্গে কথা বলছিলাম, তখন ওরা আমাদের ডিসকোয়ালিফায়েড হয়ে যাওয়ার কথাটা বলল। এটা দুর্ভাগ্যজনক। ছোট ভুলের কত বড় মূল্য দিতে হলো।’

.
.

গ্যাটলিনদের রাতটা মাটি হয়ে যেতে এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু প্রতিপক্ষের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার এমন সুযোগটা কি আর জ্যামাইকা ছাড়ে? সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ডিসকোয়ালিফায়েড হয়ে যাওয়ার প্রসঙ্গ উঠতেই জ্যামাইকান স্প্রিন্টার আসাফা পাওয়েল মুচকি হেসে বললেন, ‘চাপ, সবই চাপ! ওরা ভালো করে দৌড়ানোর চেয়ে আমাদের হারানোর দিকেই বেশি মনোযোগী ছিল। আর জ্যামাইকাকে হারানোর চাপটা তো যেনতেন নয়!’
পাওয়েল যখন সংবাদ সম্মেলনে এসব কথা বলছেন, পাশে বসে বোল্ট-ব্লেক আর অ্যাশমিডও দুষ্টু হাসি হাসছেন। সে হাসি দেখলে গ্যাটলিন-ব্রোমেলদের পিত্তি জ্বলে যাওয়ার কথা।
বোল্ট অবশ্য পরে আর বেশি খোঁচাখুঁচি করেননি। ‘ট্রিপল ট্রিপল’ করার মিশন নিয়ে এসেছিলেন রিও অলিম্পিকে। সেই মিশন সফলভাবে শেষ করতে পেরে এ গ্রহের দ্রুততম মানবের চোখেমুখে তৃপ্তি, ‘আমিই সবার সেরা। এখন আমি নির্ভার। আমি খুশি ও গর্বিত। স্বপ্নটা সত্যি হয়েছে।’
এটাই তাঁর ক্যারিয়ারের শেষ অলিম্পিক, এ ঘোষণাও আগেই দিয়েছেন। বিশাল এই মঞ্চে আর থাকবেন না—এটা ভেবে আবার কিছুটা বিষাদও ছুঁয়ে যাচ্ছে তাঁকে, ‘আসলে মিশ্র অনুভূতি হচ্ছে আমার। একদিকে স্বস্তি, কারণ বছরের পর বছর ধরে আমি এই চাপটা নিয়েছি। কিন্তু আমি অবশ্যই অলিম্পিককে মিস করব। কারণ এটাই সবচেয়ে বড় মঞ্চ।’
সেই মঞ্চে সর্বকালের অন্যতম সেরা দৌড়বিদকে আর দেখা যাবে না—এই আক্ষেপ তো পুরো ক্রীড়াবিশ্বেরই! এএফপি।