বন্ধুর জন্য কবর খুঁড়লেন বোল্ট

বেড়ে ওঠা প্রায় একসঙ্গেই। দুজনই অবশ্য খেলেছেন দুটি ভিন্ন দেশের পতাকাতলে। তাতে সমস্যা কি! বন্ধুত্বটা অটুট ছিল সব সময়ই। এঁদের একজন উসাইন বোল্ট হয়েছেন ইতিহাসের সেরা স্প্রিন্টার। অপরজন জার্মেইন ম্যাসনের অর্জনের খাতাটা অত বড় হয়নি। কিন্তু এতে কখনো সমস্যা হয়নি। হরিহর আত্মা হয়ে ছিলেন দুজনই। কিন্তু সেই বন্ধুত্বের অবসান ঘটল ম্যাসনের মৃত্যুতে। শেষযাত্রাতেও বন্ধুর সঙ্গে বোল্ট। কবর খুঁড়ে ম্যাসনের প্রতি ভালোবাসা জানিয়েছেন স্প্রিন্টের এই জীবন্ত কিংবদন্তি।

জ্যামাইকায় বেড়ে ওঠা অ্যাথলেট ম্যাসন অলিম্পিকে অংশ নিয়েছিলেন বাবার দেশ ব্রিটেনের হয়ে। ২০০৮ বেইজিং অলিম্পিকে হাইজাম্পে জিতেছিলেন রুপার পদক। ওই অলিম্পিক দিয়েই ইতিহাসে নাম লেখানো শুরু বোল্টের। এরপর জ্যামাইকান স্প্রিন্টার এগিয়েছেন কিংবদন্তি হওয়ার পথে। ম্যাসন হারিয়ে গেছেন পাদপ্রদীপের আলো থেকে। তবে গত এপ্রিলে হঠাৎই সংবাদ শিরোনাম ম্যাসন। গত ২০ এপ্রিল জ্যামাইকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই অ্যাথলেট। খবরটা শুনে ভীষণ ভেঙে পড়েছিলেন বোল্ট। সংবাদটা সেদিনই জানা গিয়েছিল স্থানীয় পুলিশ প্রধানের কাছ থেকে।
ম্যাসনের মৃত্যুর ঘটনা প্রায় ভুলতেই বসেছিল সবাই। তবে আজ সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করায় সে কথা আবারও মনে পড়ল। সেখানে দেখা গেছে, ম্যাসনের জন্য খোঁড়া কবরের কাজে হাত লাগিয়েছেন বোল্ট। ম্যাসনের শেষকৃত্য হবে আগামী ২১ মে। সূত্র: দ্য সান, এএস।