‘বর্ণবৈষম্য’ থমকে দিয়েছে ট্রাম্পের দেশের খেলা

আন্দোলনে স্থগিত হয়ে গেছে মেজর লিগ সকারের ম্যাচ।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ফুসে উঠেছিল পুরো বিশ্ব। বর্ণবৈষম্যের বিরুদ্ধে নতুন করে সংঘবদ্ধ হয়েছিল মানুষ। ক্রীড়া বিশ্বেও ঢেউ লেগেছিল সেই দোলার। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সংহতি প্রকাশ করেছে পুরো ক্রীড়া বিশ্ব। ম্যাচের আগে হাঁটু গেড়ে বসা, জার্সিতে ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা—সচেতনতা বাড়াতে কত কিছুই না হলো।

কিন্তু লাভ কি কিছু হলো? মনে হয় না। আবারও যে আন্দোলনে নামতে হলো সবাইকে। আর নতুন করে করে ওঠা আন্দোলনে থমকে গেছে ডোনাল্ড ট্রাম্পের  যুক্তরাষ্ট্রের খেলাধুলা। উইসকনসিনের কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেক পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ায় আবারও ফুসে উঠেছে যুক্তরাষ্ট্র। সেই প্রতিবাদের অংশ হিসেবেই আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টসহ বেশ কয়টি খেলার প্রধান লিগ স্থগিত হয়ে গেছে।

একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আমার উপলব্ধি আমাকে টেনিস খেলতে দেখার চেয়ে এই মুহূর্তে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।
নাওমি ওসাকা
উত্তাল উইসকনসিনের কেনোশা শহর।
ছবি: রয়টার্স

নিউইয়র্কে চলছে ইউএস ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন। গত রাতে সেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন মেয়েদের বিভাগে সেমিফাইনালে ওঠা নাওমি ওসাকা। সেমিফাইনাল হওয়ার কথা ছিল আজ। ওসাকার ওই ঘোষণার পর টুর্নামেন্টের আয়োজকেরা জানিয়ে দেন আজ কোনো খেলা হবে না। যুক্তরাষ্ট্রের চলমান বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক এটিপি ও ডব্লুটিএ।

দুবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা ওসাকা নাম প্রত্যাহার করতে গিয়ে বলেন খেলাধুলার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি, ‘আমার অ্যাথলেট পরিচয়ের চেয়ে বড় হলো আমার কৃষ্ণাঙ্গ নারী পরিচয়। একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আমার উপলব্ধি আমাকে টেনিস খেলতে দেখার চেয়ে এই মুহূর্তে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। যদিও আশা করি না আমি না খেললে তেমন কোনো পরিবর্তন আসবে। তবে আমি যদি সাদাদের প্রাধান্য থাকা খেলায় কিছুটা আলোড়ন তুলতে পারি সেটিই বড় পাওয়া হবে।’

খেলোয়াড়েরা ম্যাচ বর্জন করায় স্থগিত হয়েছে এনবিএর দিনের খেলা।
ছবি: এএফপি

বন্ধ হয়ে গেছে বাস্কেটবল লিগ এনবিএ। উইসকনসিনের দল মিলাউকি বাকস লিগ বর্জনের ঘোষণা দেওয়ার পর আজকের সব ম্যাচ স্থগিত করে এনবিএ। বাকসের খেলোয়াড়েরা এক যৌথ বিবৃতিতে খেলা বর্জনের ঘোষণা দেন, ‘গত কয়েক দিনে আমাদের উইসকনসিন রাজ্যে ঘটা নৃশংস ঘটনার ভিডিও দেখছি। নিরস্ত্র এক জ্যাকব ব্লেকের পিঠে সাতটি গুলি করেছে এক পুলিশ কর্মকর্তা। এরপর প্রতিবাদকারীদের ওপরও গুলি চলছে। পরিবর্তনের আকুতি জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা আজ কোনো বাস্কেটবল খেলব না।’

বাকসের এই সিদ্ধান্তের পর জরুরি বৈঠকে বসে এনবিএ। সেখানে লস অ্যাঞ্জেলসের দুই দল লেকার্স ও ক্লিপার্স পুরো মৌসুম বাতিল করার পক্ষে ভোট দেয়। তবে অন্যরা লিগ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়ে। লেকার্স ও ক্লিপার্স আর খেলবে কিনা তা ঠিক পরিষ্কার নয়।

স্থগিত হয়েছে মেজর লিগ বেসবলের তিনটি ম্যাচ। মেজর লিগ সকারের পাঁচটি ম্যাচও স্থগিত হয়েছে।

খেলোয়াড়দের ম্যাচ বর্জনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইট করে নিজের সমর্থনের কথা জানিয়েছেন বাস্কেটবল ভক্ত ওবামা, ‘আমি বাকসের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তাঁরা উদাহরণ সৃষ্টি করেছে।’