বহিষ্কার হচ্ছেন সহকারী কোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হামিদের প্রথম পরিচয় সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক। একই সঙ্গে সাঁতারের সহকারী কোচও তিনি। সাঁতারুদের সমস্যা জেনে সবার আগে তাঁরই এগিয়ে দেওয়া উচিত সহযোগিতার হাত। কিন্তু সাঁতারুদের অভিযোগে এবার ফেডারেশন থেকে বহিষ্কার হতে পারেন ‘বিতর্কিত’ এই কর্মকর্তা। অনুশীলন ক্যাম্পে থাকা সাঁতারুরা যৌথভাবে লিখিত আবেদন করেছেন ফেডারেশন সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদের কাছে। সেই পরিপ্রেক্ষিতে এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ফেডারেশন। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বহিষ্কার করতে পারে ফেডারেশন।

এর আগেও অভিযোগ উঠেছিল হামিদের বিরুদ্ধে। গত বছর ভারতের গুয়াহাটিতে এসএ গেমসের সময় সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। মুক্তিযোদ্ধা কোটায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছে, এমন বেফাঁস মন্তব্য করেন তখন। শিলা ‘বুড়ি’ হয়ে গেছে, তাঁকে দিয়ে চলে না—এসব কথাও বলেছিলেন।

হামিদের বিরুদ্ধে এবারের অভিযোগের তালিকাটা অবশ্য লম্বা। অনুশীলনে প্রধান কোচ পার্ক তে গুনকে তিনি সহযোগিতা তো করেনই না, বরং এমন সব কাজ করেন যাতে ভালো করার ব্যাপারে সাঁতারুরা উৎসাহ হারিয়ে ফেলেন! সাঁতারুদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন সব সময়। অনুশীলনের সময় টেলিভিশন দেখেন, পত্রিকা পড়েন। ক্যাম্পে থাকা সাঁতারুদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আচরণ শোধরানোর জন্য পার্ক তে গুন বেশ কয়েকবার অনুরোধ করেন হামিদকে। কিন্তু নিজেকে তিনি বদলাননি। ফেডারেশন কর্মকর্তাদের কাছে বলেও সমাধান পাননি সাঁতারুরা। শেষ পর্যন্ত ইসলামিক সলিডারিটি গেমসের ক্যাম্পে থাকা সাঁতারু মাহফুজা খাতুন শিলা, জুয়েল আহমেদ, আরিফুল ইসলাম, নাজমা খাতুন, রোমানা আক্তার ও নাঈমা আক্তার চিঠি লেখেন নৌবাহিনীর প্রধানের কাছে।

এসএ গেমসে জোড়া সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা কাল বেশ ক্ষোভের সঙ্গে বলছিলেন, ‘আমরা বাধ্য হয়েই চিঠিটা লিখেছি।’

তবে এসব অভিযোগ প্রসঙ্গে আবদুল হামিদ অনেকটা নির্বিকার, ‘আমিও লোকমুখে শুনেছি সাঁতারুরা অভিযোগ করেছে। কিন্তু কোনো চিঠি পাইনি। ওরা যা বলেছে এসব ভিত্তিহীন। আমি তো ঠিকমতো অনুশীলন করাই। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

গত ১২-২২ মে আজারবাইজানে হয়েছে ইসলামিক সলিডারিটি গেমস। এর মাস খানেক আগে থেকে সমস্যা শুরু হয় ক্যাম্পে। আর গেমসে দল পাঠানোর আগে সাঁতারুদের চিঠি পেয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফেডারেশন। অথচ কমিটির কার্যক্রমের স্থবিরতা দেখে আবারও নৌবাহিনী থেকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা এসেছে। তদন্ত কমিটির অন্যতম সদস্য যুগ্ম সম্পাদক সেলিম মিয়া বলেছেন, ‘১১ জুলাই নির্বাহী কমিটির সভার আগেই হয়তো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব। কমিটির প্রধান সদস্যের ব্যক্তিগত ঝামেলা থাকায় এত দিন এ নিয়ে কাজ করতে পারিনি।’