বাংলাদেশকে উড়িয়ে ভারতকে এড়াল পাকিস্তান

আজ ছয় গোল খেয়েছে বাংলাদেশছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে ভারতকে এড়াতে বাংলাদেশের বিপক্ষে অন্তত তিন গোলের ব্যবধানে জয় দরকার ছিল পাকিস্তানের। লক্ষ্য পূরণ হয়েছে তাদের, তারা আজ জয় তুলে নিয়েছে ৬–২ গোলে। ফলে ঢাকায় চলমান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ২১ ডিসেম্বর প্রথম সেমিতে পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দক্ষিণ কোরিয়াকে। একই দিনে প্রথম সেমিফাইনালে ভারতের সামনে জাপান। ২২ ডিসেম্বর ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা তাই এখনো বেঁচে রইল।

এগিয়ে গিয়েছিল বাংলাদেশ
ছবি: প্রথম আলো

পাঁচ দলের টুর্নামেন্টে আজ লিগ পর্যায়ে খেলা শেষে সবার ওপরে ভারত। ৪ ম্যাচে ১ ড্র আর ৩ জয়ে তাদের পয়েন্ট ১০। আজ নিজেদের শেষ লিগ ম্যাচে জাপানকে ৬–০ গোলে হারিয়েছে ভারত। ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া দ্বিতীয়। বাংলাদেশকে উড়িয়ে ৫ পয়েন্ট পাওয়া পাকিস্তান হয়েছে তৃতীয়। বাংলাদেশ ৪ ম্যাচেই হেরে সবার নিচে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে পাকিস্তান। প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই তারা পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছে। আগের ম্যাচগুলোর তুলনায় পাকিস্তানের খেলোয়াড়দের শরীরের ভাষায় আজ দ্রুত কিছু করার তাগিদ ফুটে উঠছিল।

টুর্নামেন্টে ৩ গোল করেছেন আরশাদ
ছবি: প্রথম আলো

সুযোগ পেলে বাংলাদেশও আক্রমণে এসেছে। ষষ্ঠ মিনিটে বাংলাদেশ প্রায় গোল করেই ফেলেছিল। আরশাদের ঠেলে দেওয়া বলে ফাঁকায় দাঁড়ানো ইমন স্টিকে ঠিকভাবে লাগাতে পারলেই গোল। ইমন স্টিকে বলে ছোঁয়ান ঠিকই, তবে তা বাইরে গেছে। ফলে সহজ সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ।

অবশ্য পরের মিনিটেই বাংলাদেশ এগিয়ে গেছে। সোহানুর রহমানের পাস থেকে রাসেল মাহমুদের স্টিক ঘুরে আরশাদের হিটে গোল। বাংলাদেশের এই গোলের আনন্দ অবশ্য স্থায়ী হয়েছে মাত্র কয়েক সেকেন্ড। সেন্টার থেকেই বাংলাদেশের গোলমুখে জটলায় নাদিম আহমেদের হিটে ১–১।

দ্বিতীয় কোয়ার্টারে পাল্টা আক্রমণে রিভার্স হিটে ২–১ করেন পাকিস্তানের এজাজ আহমেদ। এই কোয়ার্টারের শেষ দিকে দারুণ পাসিং হকি খেলে তৃতীয় গোলটি আদায় করে নিয়েছে পাকিস্তান। আবদুল রানার পাস থেকে জুনাইদ মনজুরের গোলমুখে ফেলা বল দারুণভাবে স্টিকে লাগিয়ে প্লেসিং করেন আফরোজ। এই টুর্নামেন্টে এটি পাকিস্তানের সেরা গোল।

লিগ পর্ব শেষে শীরড়ষে ভারত
ছবি:প্রথম আলো

চতুর্থ গোলটা করেন নাদিম। তৃতীয় কোয়ার্টারের প্রথমেই ৫–১ করেন মোহাম্মদ রাজ্জাক। পরের মিনিটেই আশরাফুলের ক্রসে আরশাদের প্লেসিংয়ে ৫–২। টুর্নামেন্টে এটি আরশাদের তৃতীয় গোল। এর আগে কোরিয়ার সঙ্গে একটি গোল করেছিলেন। ফাঁকা দাঁড়িয়ে পোস্টে বল ঠেলে ৬–২ করেন আজাজ আহমেদ। চতুর্থ কোয়ার্টারে কোনো গোল হয়নি।

২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশকে ৬–০ গোলে হারায় পাকিস্তান। ২০১৭ এশিয়া কাপে ব্যবধান ৭–০। ২০১৮ এশিয়ান গেমসে ৫–০। এবার ঘরের মাঠে ৬–২। সর্বশেষ ৪ ম্যাচে বাংলাদেশের পোস্টে ২৪ গোল করেছে পাকিস্তান। তবে আজ দুটি গোল করতে পারা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।