ভারতকে হারিয়ে বাংলাদেশের সোনা
এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ ওয়ানে রিকার্ভ এককে নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি দেশসেরা আর্চার রোমান সানা। তবে রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে উঠে ভালো কিছু করার আভাস দিয়েছিলেন।
আজ ফাইনালে নাসরিন আক্তারের সঙ্গে জুটি বেঁধে রোমান সানা জিতেছেন সোনার পদক। এই দুজনের বাংলাদেশ দল হারিয়েছে ভারতের রিধি ও সালেঙ্কে জুটিকে। থাইল্যান্ডের ফুকেটে রোমান সানা ও নাসরিন আক্তার জুটি ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছেন ভারতের রিধি-সালেঙ্কে জুটিকে।
শুরুতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত রোমান ও নাসরিন চমকই দেখালেন। জিতে নেন এই টুর্নামেন্টে দেশের হয়ে প্রথম পদক।
গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারিয়েছিলেন স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমিফাইনালেও আধিপত্য ধরে রাখেন দুজন, ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।
রোমান এককে না পারলেও নাসরিনের সামনে এককেও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন এই আর্চার। আজ ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ স্বদেশি দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টে বাংলাদেশের সোনা ও রুপা জেতা নিশ্চিত।
সব শেষে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের হাকিম আহমেদ ব্রোঞ্জ জয়ের জন্য লড়াই করবেন কাজাখস্তানের আবদুললিন ইলফাতের বিপক্ষে।