বাংলাদেশের দ্রুততম মানব এবার জিতলেন লন্ডনেও
জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে প্রথমবার অংশ নিয়েই সবার নজর কেড়েছিলেন ইমরানুর রহমান। বনানীর আর্মি স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দ্রুততম মানব হয়েছিলেন এ যুক্তরাজ্যপ্রবাসী।
ইলেকট্রনিক স্কোর বোর্ডের হিসাবে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন ২৮ বছর বয়সী ইমরানুর। ওই পারফরম্যান্সের সুবাদে এ বছর বেশ কয়টি আন্তর্জাতিক গেমসের জন্যও তাঁকে বেছে নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
১৮-২২ মার্চ বেলগ্রেডে হবে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ। এই গেমসের প্রস্তুতির অংশ হিসেবে কাল দৌড়েছেন লন্ডনের সাটক্লিফ ইনডোর গেমসে। সেখানেও ভালো পারফরম্যান্স তাঁর।
ইনডোরের ৬০ মিটারে দৌড়ে ইমরানুরের টাইমিং ৬.৬৮ সেকেন্ড। সেখানে ছয়জন প্রতিযোগীর মধ্যে হয়েছেন প্রথম।
ইমরানুরের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব, ‘বিশ্ব ইনডোর গেমসের আগে ওর এমন পারফরম্যান্স আমাদের জন্য খুব আশা–জাগানিয়া। এই পারফরম্যান্সের সুবাদে সে হয়তো এই বছর এশিয়ায় র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে যেতে পারে। আশা করি, বিশ্ব ইনডোরে বেলগ্রেডেও সে আরও ভালো কিছু করবে।’
বিশ্ব ইনডোর গেমস ছাড়াও ইমরানুর এ বছর অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এশিয়ান গেমসে অংশ নেবেন। এ বছর বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমস, চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমস ও তুরস্কে হবে ইসলামিক সলিডারিটি গেমস। এ ছাড়া আগামী বছর পাকিস্তানে হবে এসএ গেমস।
এসএ গেমসে দীর্ঘদিন ১০০ মিটার স্প্রিন্টে সোনার পদক নেই বাংলাদেশের। ইমরানুর হতে পারেন ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের আশার প্রদীপ।