
শেষ মুহূর্তের স্নায়ুচাপটা অনেক দিন থেকেই ভোগাচ্ছিল। গ্লাসগোর বিমানে ওঠার সময়েই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, এবার আর সেই চাপে ভড়কাবেন না। গ্লাসগোতে নিজেকে দেওয়া কথা রাখলেন আবদুল্লাহ হেল বাকি, ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জয় করলেন। অমন বৈশ্বিক ক্রীড়ামঞ্চে পদক জয়ই তো বাংলাদেশের কাছে স্বপ্ন। ২০১৪ সালে রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের রানারআপের পুরস্কার উঠেছে এই শুটারের হাতেই।

শুটিংয়ে আন্তর্জাতিক সাফল্য একটু অচেনা হয়ে উঠছিল। বাকির হাত ধরে দুই বছর আগে সেটির চেনা পথে ফেরা। শুটিংয়ে এখন বাংলাদেশের এক আশার প্রতীক বাকি। কিন্তু গত এসএ গেমসে কোনো পদক পাননি। শুটিংয়ের বেশ কয়েকটি বিশ্ব চ্যাম্পিয়নসশিপেও নিজেকে হারিয়ে খুঁজেছেন। সংশয় ছিল অলিম্পিকে খেলা নিয়েও। কোটাতে সুযোগ হয়নি। শেষ পর্যন্ত ওয়াইল্ড কার্ড নিয়ে রিও অলিম্পিকে খেলার সুযোগ হয়েছে। সেখানে নিশ্চয়ই নিজেকে প্রমাণ করতে চাইবেন।
কাল অবশ্য পারিবারিক কারণে নিজে এসে পুরস্কার নিতে পারেননি। কাকতালীয়ই বটে, বাকির পুরস্কারটা যিনি নিয়েছেন, তাঁর হাত ধরেই কমনওয়েলথ গেমস থেকে সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের। ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে আসিফই প্রথম ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত সোনা জেতেন বাংলাদেশের হয়ে।