বাধা পেরিয়েও আসছেন নবীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে চলছে প্রতিদ্বন্দ্বিতা। কাল গুলশান শ্যুটিং কমপ্লেক্সে l সৌজন্য ছবি
৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে চলছে প্রতিদ্বন্দ্বিতা। কাল গুলশান শ্যুটিং কমপ্লেক্সে l সৌজন্য ছবি

বাড়ির পাশের বনে পাখি শিকারে আসেন অনেকে। তাতেই রাইফেলের প্রতি একটা আকর্ষণ জন্মে গেছে সাতক্ষীরার তরুণ আরিফুজ্জামান অয়নের। সেই টানেই চারবার ঢাকায় এসে নবীন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাজারো বিপত্তি ডিঙিয়ে।
অস্ত্র না থাকায় পাশের জেলা খুলনা থেকে অস্ত্র এনে তবেই অনুশীলন করতে হয়েছে সাতক্ষীরায়। এভাবেই নিজেকে তৈরি করে নাম লিখিয়েছেন গতকাল শ্যুটিং কমপ্লেক্সে শুরু হওয়া হামিদুর রহমান যুব শ্যুটিং টুর্নামেন্টে। রেঞ্জে দাঁড়িয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় অয়নের চোখে-মুখে বড় শ্যুটার হওয়ার স্বপ্নটা যেন দুলতে থাকল আশা-নিরাশায়, ‘খুলনা জেলা থেকে আর্মস এনে প্র্যাকটিস করি। অনেক কষ্ট করেই ঢাকা আসতে হয়।’
সাতক্ষীরার আরেক তরুণ রাফায়েত ইসলামের গল্পটাও প্রায় একই। ছোটবেলায় বন্দুকের প্রতি আকৃষ্ট হয়েছেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখে। এই প্রথম ঢাকায় কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া, তাও পাশের জেলা খুলনার হয়ে। রাফায়েত কারণটা জানালেন, ‘সাতক্ষীরা রাইফেল ক্লাবের অস্ত্র না থাকায় খুলনা থেকে আমিও অস্ত্র এনে অনুশীলন করেছি। এ জন্যই খুলনার হয়ে খেলতে এসেছি।’
দেশের তৃণমূল শ্যুটিংয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নেই প্রায় ৯০ ভাগ ক্লাবেরই। অবকাঠামোর অভাব খেলাটা ডালপালা মেলতে না পারার অন্যতম কারণ। প্রতিযোগিতার সময় অনেক ক্লাবের সঙ্গী হয় দু-একজন শিক্ষানবিশ খেলোয়াড়। কিছু ক্লাব আনে তিন-চারজন বা তার একটু বেশি। বেশির ভাগই ক্লাব কর্মকর্তাদের পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন।
শ্যুটিয়ের সঙ্গে সম্পর্কহীন সাধারণ ঘরের ছেলেমেয়েদের উপস্থিতিও আছে। সাতক্ষীরা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম যেমন দুজন কিশোরীর খোঁজ দিলেন। এদের একজনের পরিবার কিশোরীটিকে পুলিশে চাকরির জন্য পাঠাতে চাইছিল, ব্যাপারটা জানতে পেরে সিরাজুল ওই কিশোরীকে শ্যুটিংয়ে এনে মোটামুটি প্রাথমিক পাঠ দিয়ে তুলে আনছেন ওপরের দিকে।
একই জেলার আরেক কিশোরীকে তার বাবা-মা বিয়ে দিতে চাইছিলেন, সেটি বন্ধ করে তাকেও শ্যুটিংয়ে এনেছেন সিরাজুল। সেই কিশোরী ভালো করেই জায়গা করে নিয়েছে সেনাবাহিনী শ্যুটিং দলে। এভাবে তৃণমূলে কিছু সংগঠক আছেন বলেই কিছু নবীন শ্যুটার উঠে আসার চেষ্টা করছে। কিন্তু ক্লাবের সুযোগ-সুবিধা নিয়ে বলতে গিয়ে সিরাজুলের মুখে হতাশা, ‘আমাদের আসলে কিছুই নেই।’
আক্ষেপ বা হতাশা, শ্যুটিংয়ে তৃণমূল সংগঠকদের মুখে ভঙ্গুর ক্লাব কাঠামোর কথাই বেশি। তবে আগে আরও কম সুযোগ-সুবিধা নিয়েও শ্যুটিং ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে স্বর্ণপ্রসবা ইভেন্ট। সেই শ্যুটিং বর্তমানে ধুঁকছে দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনার অভাব ও খেলোয়াড় উঠে আসার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায়।
এই যুব টুর্নামেন্টে ফেডারেশন ১২০ জন বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে জানালেও সংখ্যাটা আসলে ৯০-এর নিচে। এর মধ্যে ২০ জনের মতো বিকেএসপির। বেশির ভাগই আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। একেবারেই নতুন মুখ তুলনায় হাতে গোনা। বলা হচ্ছে ২১টি ক্লাব এসেছে, কিন্তু অনেক ক্লাবের অংশগ্রহণ নামমাত্র। এক সংগঠক বলছিলেন, ‘চার-পাঁচটা ক্লাব সিরিয়াস, বাকিরা তো ঘোরাফেরাতেই বেশি ব্যস্ত।’ তবে প্রতিযোগিতায় এসে আনন্দ পাচ্ছেন নবীনেরা। কিশোরগঞ্জের ইশতিয়াক আলমের রোমাঞ্চটা ছড়িয়ে থাকল তাঁর কথাতেই, ‘এই প্রথম প্রতিযোগিতায় এসে খুব ভালো লাগছে। এত বড় রেঞ্জ আগে দেখিনি।’
কিন্তু গুলশান শ্যুটিং কমপ্লেক্সটা গত কয়েক বছরের ধারাবাহিকতায় এখনো ‘বিয়েবাড়ি’ই হয়ে আছে! সকালে ৫০ মিটার রাইফেলের প্রতিযোগিতা শেষে শুরু হয়ে গেল মাঠে বাঁশ পোঁতা। গতকালই একটি বিয়ের অনুষ্ঠানের ভোজের প্রস্তুতি চলতে থাকল দুপুর থেকে।
এই ফাঁকেই প্রাণহীন শ্যুটিং রেঞ্জে মিষ্টি বিতরণ! ফেডারেশনের মহাসচিবের মেয়ে আমিরা হামিদ ৫০ মিটার রাইফেলের প্রোনে রুপা জিতেছেন বলে এই আয়োজন। তাঁর কোচ একসময়ের স্বর্ণকন্যা সাবরিনা সুলতানা। রেঞ্জে সাবরিনার স্বামী জাতীয় দলের কোচ সাইফুল আলম রিংকি এই নবীনদের নিয়ে শোনালেন আশার কথা। তবে নবীনদের স্কোর খুব আশা-জাগানিয়া নয়, প্রয়োজন নিবিড় পরিচর্যা। তাহলেই হয়তো ভবিষ্যতের ‘সাবরিনা’ বা ‘রিংকি’দের দেখা মিলতে পারে।