এসএ গেমসে খেলতে গিয়েও কোর্টে নামতে পারেনি বাস্কেটবল দল। দক্ষিণ এশিয়ার এই ক্রীড়াযজ্ঞে অপ্রত্যাশিতভাবে বাস্কেটবলটাই শেষ পর্যন্ত হয়নি। ভারতীয় বাস্কেটবল ফেডারেশনের দুটি গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে সে দেশের আদালত নিষেধাজ্ঞা দেওয়ায় খেলা মাঠে গড়ায়নি।
অথচ বাস্কেটবল খেলোয়াড়দের অনুশীলন, ভারতে যাতায়াত এবং আবাসন বাবদ অনেক অর্থই ব্যয় হয়েছে বাংলাদেশের। এভাবে না খেলে ফিরে আসায় খুবই হতাশ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবার আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) কাছে অভিযোগ জানাতে প্রস্তুত হচ্ছেন, ‘ভারতের বাস্কেটবল ফেডারেশনের অন্তঃকোন্দলে গেমসে খেলা হয়নি। এখানে আমাদের তো কোনো দায় নেই। ভারতকে ছাড়াই আমরা সাতটি দেশ খেলতে চেয়েছিলাম। সেটাও হয়নি। আমরা ১৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে একটি মিটিং করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে পুরো বিষয়টি ফিবাকে জানাব। আগামী মাসে চেন্নাইয়ে এ বিষয়ে বাকি সাত দেশকে নিয়ে একটি বৈঠক করব আমরা। সেখানেই ঠিক করব ফিবার কাছে কী বলা হবে। তবে ভারতের কাছে ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
গেমসে গিয়েও না খেলে ফিরে আসায় হতাশ বাংলাদেশ দলের খেলোয়াড় মিথুন কুমার বিশ্বাস, ‘আমাদের জন্য না খেলে ফিরে আসাটা অনেক কষ্টের ব্যাপার ছিল। যখন শুনলাম খেলা হবে না, আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। ছয় মাস এত কষ্ট করে, ছুটি বন্ধ করে অনুশীলন করে লাভ কী হলো আমাদের? খেলা হলে অন্তত একটা পদক বাস্কেটবল থেকে আসতই। আমরা এখনো ওদের এই সিদ্ধান্ত মানতে পারিনি। ভারত না হয়ে অন্য কোনো দেশ হলে এমন ঘটনা ঘটানোরও সাহসও দেখাত না কেউ।’