বিতর্ক পেছনে ফেলে নতুন ইয়াং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক রিও ডি জেনিরোতে। কিন্তু সেজেছে পুরো ব্রাজিল। সাও পাওলোতে যেমন দড়িতে ঝুলে জীবন্ত অলিম্পিক রিং বানিয়ে ফেলল কিছু মানুষ l রয়টার্স
অলিম্পিক রিও ডি জেনিরোতে। কিন্তু সেজেছে পুরো ব্রাজিল। সাও পাওলোতে যেমন দড়িতে ঝুলে জীবন্ত অলিম্পিক রিং বানিয়ে ফেলল কিছু মানুষ l রয়টার্স

চীনাদের কাছে তিনি ‘পুলের রাজা’। সাঁতার-দুনিয়ায় তিনি ‘বিতর্কেরও রাজা’। সুন ইয়াং মানুষটাই এমন। কখনো সুইমিংপুলে ঝড় তুলে বিশ্ব রেকর্ড গড়ছেন, কখনো বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছেন ডোপ কিংবা যৌন কেলেঙ্কারি ঘটিয়ে। রিও অলিম্পিকেও তাই চীনা সাঁতারুদের মধ্যে সবচেয়ে বেশি চোখ থাকবে তাঁর ওপর। এখন শুধু দেখার অপেক্ষা ইয়াং কীভাবে আলোচনায় আসেন। পারফরম্যান্স দিয়ে, নাকি বিতর্কিত কিছু করে?
আন্তর্জাতিক সাঁতারে অভিষেক ২০০৮ বেইজিং অলিম্পিক দিয়ে। তবে সেখানে চোখে পড়ার মতো কিছু করতে পারেননি সেই সময়ে ১৬ বছর বয়সী ইয়াং। পরের বছর রোমে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেই নিজের উপস্থিতি জানান দেন ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতে। পুলে আলো ছড়াতে শুরু করেন ২০১০ এশিয়ান গেমস থেকে। সোনা জেতেন ১৫০০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে তো নতুন এশিয়ান রেকর্ডই গড়েন। রুপা জেতেন ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলেও। হঠাৎই চীনা সাঁতারের নতুন ‘সেনসেশন’ ইয়াং!

সুন ইয়াং: শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান ৪০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে l
সুন ইয়াং: শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান ৪০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে l

এই ছন্দটা ধরে রাখেন ২০১১ সাংহাই বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও। ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে রুপা জেতেন। তবে ইয়াং বিশ্ব সাঁতারের নতুন তারকা হয়ে ওঠেন ১৫০০ মিটার ফ্রিস্টাইলের পর। ১৪ মিনিট ৩৪.১৪ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দেন অস্ট্রেলিয়ার গ্রান্ট হ্যাকেটের প্রায় ১০ বছর স্থায়ী বিশ্ব রেকর্ড। স্বাভাবিকভাবেই ২০১২ লন্ডন অলিম্পিকেও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সবচেয়ে ফেবারিট হয়ে নামেন সাড়ে ৬ ফুট দীর্ঘ সাঁতারু।
তবে লন্ডনে সব প্রত্যাশাই ছাড়িয়ে যান ইয়াং। ৪০০ মিটার ফ্রিস্টাইলে অলিম্পিক রেকর্ড গড়েন ৩ মিনিট ৪০.১৪ সেকেন্ড সময় নিয়ে। আর ১৫০০ মিটারে তো ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিলেন নিজের গড়া বিশ্ব রেকর্ডই! অলিম্পিকে সোনাজয়ী প্রথম পুরুষ চীনা সাঁতারু তিনি।
তবে এই সাফল্যের সঙ্গে বিতর্কও টেনে আনেন সমানভাবে। ডোপ নিয়ে ২০১৪ সালে তিন মাসের জন্য নিষিদ্ধ হন। ইয়াং অবশ্য সব সময় দাবি করে এসেছেন, নিষিদ্ধ দ্রব্যটা তিনি নিয়েছিলেন হৃৎপিণ্ডের সমস্যার কারণেই। মাঝে লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, এক বিমানবালার সম্পর্কে জড়িয়ে অন্য একজনের সঙ্গে মারামারি করেছেন, জাপানের জাতীয় সংগীতকে কুৎসিত বলে নিন্দিত হয়েছেন, গত বছর বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্রাজিলিয়ান এক নারী সাঁতারুকে যৌন হেনস্তা করে বিতর্কিত হয়েছেন।
তবে এসব বিতর্ক পেছনে ফেলেই রিওর সুইমিংপুলে ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ইয়াং। ব্রাজিলের উদ্দেশে দেশ ছাড়ার আগে তাই বলেছেন, ‘আমি এখন অনেক পরিণত। ক্যারিয়ারের এই দুর্দান্ত সময়টা উপভোগ করার দ্বিতীয় সুযোগ আর না-ও আসতে পারে। এখন তাই আমার সব শক্তি আর সময় পুলেই দিতে চাই।’
রিওতে তাঁর ইভেন্ট ২০০, ৪০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইল। পরের দুটি ইভেন্টে সোনা ধরে রাখাই মূল লক্ষ্য ইয়াংয়ের। সেটি করতে পারবেন বলেও আত্মবিশ্বাসী তিনি, ‘এটা সত্যি, এ বছর আমি খুব বেশি সাঁতরাইনি। আর দুই বছর আগের চেয়ে এখনকার ফিটনেস ও আত্মবিশ্বাস দুটোই বেশি। এটা আমার তৃতীয় অলিম্পিক। আশা করছি, দেশকে আরও পদক এনে দিতে পারব।’ তথ্যসূত্র: এএফপি।