বিতর্কিত শেষ ল্যাপে হেরে শুমাখারকে পেরোনো হলো না হ্যামিল্টনের

শেষ ল্যাপে নাটকীয়ভাবে হ্যামিল্টনকে পেরিয়ে যাচ্ছেন ভেরস্টাপেনছবি: ফর্মুলা ওয়ানের টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর চেয়ে রোমাঞ্চকর কোনো ফর্মুলা ওয়ান শিরোপার নিষ্পত্তি খুঁজতে গেলে ঘেমে নেয়ে যেতে হবে নিশ্চিত। এবারের মতো ফর্মুলা ওয়ান মৌসুমও দ্বিতীয়টি হয়তো খুঁজে পাওয়া কষ্টসাধ্য। আবুধাবিতে আজ সেটির শেষও হলো কী নাটকীয়তায়! বাড়তি রসদ জোগাতে বিতর্কও থাকল। তাতে শেষ পর্যন্ত কপাল পুড়ল রেকর্ড অষ্টম ফর্মুলা ওয়ান শিরোপার পানে ছুটতে থাকা লুইস হ্যামিল্টনের।

একটা সময়ে অনেক এগিয়ে থাকা হ্যামিল্টনকে মহানাটকীয় শেষ ল্যাপে পেছনে হটিয়ে ক্যারিয়ারের প্রথম ফর্মুলা ওয়ান শিরোপা জিতলেন রেড বুলের ডাচ রেসার মাক্স ভেরস্টাপেন।

মাক্স ভেরস্টাপেন
ছবি: ফর্মুলা ওয়ানের টুইটার

শিরোপা জিতলে কিংবদন্তি জার্মান রেসার মাইকেল শুমাখারের ৭ শিরোপার রেকর্ড পেরিয়ে নতুন রেকর্ড লেখা হতো হ্যামিল্টনের। কিন্তু তা আর হলো না শেষ মুহূর্তে ‘সেফটি কার’ বিতর্ক আর সেটির সুবিধা তুলে নেওয়ার ক্ষেত্রে ভেরস্টাপেন ও তাঁর ‘পিট ক্রু’র অবিশ্বাস্য দক্ষতায়।

ভেরস্টাপেনকে অভিবাদন হ্যামিল্টনের
ছবি: ফর্মুলা ওয়ানের টুইটার

গত রোববার সৌদি আরব গ্রাঁ প্রি জিতে মার্সিডিজের রেসার হ্যামিল্টন মৌসুমে পয়েন্টের হিসাবে ভেরস্টাপেনের সঙ্গে সমতায় এসেছিলেন। তাতে মৌসুমের শেষ লড়াইটা এমনই রোমাঞ্চ ছড়ায় যে ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথের সঙ্গে মিলিয়ে ইউরোপের অনেক সংবাদমাধ্যম সেটিকে নাম দেয় ‘ফর্মুলা ওয়ানের মেসি-রোনালদো’ দ্বৈরথ। সেটির শেষটা হয়তো মেসি-রোনালদোকেও চমকে দেবে।

৫৮ ল্যাপের ফাইনালে ৩৭ ল্যাপ শেষেও ১৭ সেকেন্ডের ব্যবধানে এগিয়ে ছিলেন হ্যামিল্টন। শেষ দশ ল্যাপ শুরুর আগেও ১২ সেকেন্ডে পিছিয়ে ছিলেন ভেরস্টাপেন। কিন্তু ৫৫তম ল্যাপে হলো দুর্ঘটনা, রেসার নিকোলাস লাফিতির গাড়ি রাস্তার পাশে ধাক্কা খায়. হ্যামিল্টন ততক্ষণে লাফিতির গাড়ির সামনেই ছিলেন।

তুমি চ্যাম্পিয়ন, শোনার পর অবিশ্বাস ভেরস্টাপেনের প্রতিক্রিয়ায় স্পষ্ট
ছবি: ফর্মুলা ওয়ানের টুইটার

কিন্তু লাফিতির দুর্ঘটনার কারণে নিয়ম মেনে ‘সেফটি কার’ নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী, হ্যামিল্টন গতি কমিয়ে ফেলেন। সেফটি কারের পেছনে থাকা ভেরস্টাপেনসহ অন্যদের গাড়িকে তখন সেফটি কারের সামনে যেতে দেওয়া হচ্ছিল না।

রেস আর না হলে তখন অষ্টম শিরোপা জিতে যান হ্যামিল্টন। কিন্তু রেস হলে ভেরস্টাপেনের জন্য সুবিধাই হয়ে আসবে জানা ছিল। হ্যামিল্টনকে ধরে ফেলার ক্ষীণ আশা কিছুটা জোর পেত তখন!

এদিকে সেফটি কারের নাটকের মধ্যেই টায়ার বদলে ‘সফট টায়ার’ নিয়ে নেন ভেরস্টাপেন। ইঙ্গিত পরিষ্কার, রেস আবার শুরু হলে তিনি ঝাঁপাবেন তাঁর ক্ষীণ আশা নিয়েই। রেস শুরু হতে তা-ই হলো।

বিতর্ক ছড়িয়ে সেফটি কার নাটকের শেষ হলো, পেছনের গাড়িগুলোকে সেফটি কারকে পেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কিন্তু হ্যামিল্টনের এগিয়ে থাকার ব্যবধান ততক্ষণে অনেক কমে এসেছে। শেষ পর্যন্ত একেবারে শেষ ল্যাপে গিয়ে হ্যামিল্টনকে পেছনে ফেলেন ভেরস্টাপেন। ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর মৌসুমের ফাইনালে বিতর্কিত অধ্যায়ের শেষে মহানাটকীয় জয় ভেরস্টাপেনের।

‘অবিশ্বাস্য! আমি লড়াই চালিয়ে গিয়েছিলাম, এরপর শেষ ল্যাপে যা হলো সেটি তো পাগলাটে। শেষ পর্যন্ত ভাগ্য আমার পাশে দাঁড়াল’—ভেরস্টাপেনের কণ্ঠে উচ্ছ্বাস পড়ে নেওয়া যাচ্ছিল। তবে এমন বিতর্কের পরও অবিশ্বাস্য রকম শীতল হ্যামিল্টন, ‘প্রথমত মাক্স আর ওর দলকে অভিনন্দন। এই বছরে অসাধারণ রেস করেছি আমরা। (আজ) এক মুহূর্তের জন্যও হাল ছাড়িনি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’