বিবিসিকে বর্জন গ্যাটলিনের
দুই দফায় ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন, এটা সত্যি। কিন্তু সেই শাস্তি কাটিয়েই তো ট্র্যাকে ফিরেছেন জাস্টিন গ্যাটলিন, ফিরেছেন অবিশ্বাস্য ফর্মেও। অথচ তাঁকে ক্রমাগত শুনতে হচ্ছে, উসাইন বোল্টের সঙ্গে তাঁর দ্বৈরথ ‘ভালো’ আর ‘মন্দের’ লড়াই! যে লড়াইয়ে গ্যাটলিনের গায়ে ‘মন্দ’ লোকের তকমা। বেইজিংয়ে ১০০ মিটারের আগেও এটা শুনতে হয়েছে, শুনছেন ২০০ মিটারে দুজনের সম্ভাব্য লড়াইয়ের আগেও।
১০০ মিটারের ফাইনালে গ্যাটলিন ছাড়াও ডোপপাপী ছিলেন আরও তিনজন। দুই আমেরিকান স্প্রিন্টার টাইসন গে ও মাইক রজার্স এবং বোল্টের স্বদেশি আসাফা পাওয়েল। কিন্তু মন্দ লোক হিসেবে তাদের নাম যত না এসেছে, তার চেয়ে অনেক বেশি এসেছে গ্যাটলিনের নাম।
গ্যাটলিনের ধারণা, এ কাজটা বেশি করছে ব্রিটিশ সংবাদমাধ্যম, বিশেষ করে বিবিসি। কত আর ধৈর্য রাখা যায়! এবার তাই ব্রিটিশ সংবাদমাধ্যমকে বয়কটের সিদ্ধান্তই নিলেন ৩৩ বছর বয়সী আমেরিকান স্প্রিন্টার। গ্যাটলিনের এজেন্ট রেনাল্ডো নেহেমিয়া গার্ডিয়ানকে বলেছেন, ‘জাস্টিন ও আমি মনে করি, ব্রিটিশ সংবাদমাধ্যম ও সাংবাদিকেরা তাঁর প্রতি খুবই নিষ্ঠুর আচরণ করছে। বেশ কিছুদিন ধরে ওর সম্পর্কে কোনো ইতিবাচক কথাই বলা হচ্ছে না। সব কথাই তাঁর ডোপিং নিয়ে। তাঁকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। সুতরাং আত্মসম্মান রক্ষার্থে জাস্টিন মনে করেন, ওদের সঙ্গে কথা না বলাটাই ভালো। এটা খুব দুঃখজনক যে তাঁকে একের পর এক এভাবে আক্রমণ করে আঘাত দেওয়া হচ্ছে। মানুষ হিসেবে আমরা তো এর চেয়ে ভালো কিছু করতে পারি। বিশেষ করে বিবিসির উচিত, নিজেদের মতামত ও পক্ষপাতদুষ্ট মন্তব্য বাদ দিয়ে প্রতিবেদন করা।’ গার্ডিয়ান।