বিশ্ব অ্যাথলেটিকস সেরা ৫
গত পরশু শেষ হয়েছে অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বেইজিংয়ে বার্ডস নেস্টে আলো ছড়ানো বিশ্বসেরা অ্যাথলেটরা ফিরে গেছেন যাঁর যাঁর ঘরে। কিন্তু রয়ে গেছে তাঁদের দ্যুতিময় পারফরম্যান্সের স্মৃতি। এর মধ্যেও আলাদা হয়ে জ্বলজ্বল করছেন এই পাঁচজন

উসাইন বোল্ট
জ্যামাইকা, স্প্রিন্ট
এবার কি পারবেন বোল্ট? সংশয় একটু ছিলই। সব সংশয় অবশ্য এক ফুৎকারেই উড়িয়ে দিলেন ধরাধামের দ্রুততম মানব। ২০০৮ অলিম্পিকে যেখানে ট্রেবল জিতে বিশ্বতারকা হয়েছিলেন, সেই বেইজিংয়ের বার্ডস নেস্টে আবারও ঝলসালেন ‘বজ্রবিদ্যুৎ’। জাস্টিন গ্যাটলিন নামের সাবেক ‘ডোপপাপী’কে হারিয়ে ১০০ ও ২০০ মিটার জয়ের পর জ্যামাইকার হয়ে জিতলেন ১০০ মিটার রিলেটাও। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১১টি সোনাজয়ী বোল্টের একবারই পা হড়কেছে—২০০ মিটার জয়ের উদ্যাপনের সময় ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা লেগে!

অ্যাশটন ইটন
যুক্তরাষ্ট্র, ডেকাথলন
এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র একটিই বিশ্ব রেকর্ড, সেটা গড়েছেন ‘অলরাউন্ডার’ অ্যাশটন ইটন। নিজের গড়া আগের রেকর্ডটা ভাঙতে ডেকাথলনের শেষ ইভেন্ট ১৫০০ মিটার দৌড়টা শেষ করতে হতো ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ড বা তার চেয়ে কম সময়ে। আমেরিকান লৌহমানব পাগলপারা এক দৌড়ে সেটি করেও ফেললেন। ৯০৪৫ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ডটাকে ৬ পয়েন্ট বাড়িয়ে নিলেন ২৭ বছর বয়সী ইটন।

ড্যাফনে শিপার্স
হল্যান্ড, স্প্রিন্ট
ছিলেন হেপ্টাথলেট। ড্যাফনে শিপার্স স্প্রিন্টকে ধ্যানজ্ঞান করেছেন মাত্র গত জুন থেকে। আর দুই মাসের মধ্যেই কিনা জিতে নিলেন ২০০ মিটারের বিশ্ব শিরোপা। সেটাও গত ১৭ বছরের মধ্যে সেরা সময় করে। এক দৌড়েই ২৩ বছর বয়সী শিপার্স ভেঙেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ইউরোপিয়ান রেকর্ডও। পেছন থেকে উঠে এসে ২০০ মিটারজয়ী শিপার্স ১০০ মিটারেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের সঙ্গে।

মো ফারাহ
গ্রেট ব্রিটেন, দূরপাল্লার দৌড়
কোচ আলবার্তো সালাজারের বিরুদ্ধে উঠেছে ডোপিংয়ের অভিযোগ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে যা মো ফারাহর প্রস্তুতিতে একটু সমস্যা তো করেছেই। ফারাহ কিভাবে তা জয় করেন, তা নিয়ে কৌতূহল ছিলই। আবারও ৫ ও ১০ হাজার মিটার জিতে সোমালিয়ান বংশোদ্ভূত ফারাহ প্রথম দূরপাল্লার অ্যাথলেট হিসেবে ডাবল জয়ের অনন্য ট্রেবলই করে ফেললেন। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে এর আগে টানা তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে ডাবল জিততে পারেননি আর কেউ।

অ্যারিস মেরিট
যুক্তরাষ্ট্র, হার্ডলস
জীবন বাঁচানোর জন্য শরীরের একটি কিডনি বদলাতেই হবে। এমন একজনের দৌড়ানোটাই বড় খবর। অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যারিস মেরিট বেইজিংয়ে শুধু দৌড়ালেনই না, জিতলেন ১১০ মিটার হার্ডলসের ব্রোঞ্জও। এই ইভেন্টে সোনা জিতেও তাই মেরিটের ছায়ায় ঢাকা পড়লেন রাশিয়ার সের্গেই শুবেনকভ। ২০১৩ সালে চিকিৎসকেরা বলে দিয়েছিলেন আর দৌড়ানো চলবে না, মেরিট সে কথা শোনেননি। আজ অস্ত্রোপচারের টেবিলে শুতে যাওয়া মার্কিন হার্ডলার কি ফিরে আসবেন রিও অলিম্পিকেও?
তথ্যসূত্র: এএফপি