বিশ্ব রেকর্ডে চোখ শিপার্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাম, দেখলাম, জয় করলাম। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ড্যাফনে শিপার্সের গল্পটা এ রকমই ছিল। গত জুনেই হেপ্টাথলন থেকে স্প্রিন্টে আসার দুই মাসের মধ্যেই কিনা ডাচ মেয়ে জিতে নিলেন ২০০ মিটার স্প্রিন্টের সোনা। সেটাও সর্বকালের চতুর্থ দ্রুততম সময়ে। এক দৌড়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ইউরোপিয়ান রেকর্ড ভাঙা শিপার্স এবার পাখির চোখ করেছেন বিশ্ব রেকর্ডকে।
মেয়েদের ২০০ মিটারের বিশ্ব রেকর্ড (২১.৩৪ সে.) এখনো ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নারের। যেটি গড়েছিলেন ১৯৮৮ সিউল অলিম্পিকে। ‘ফ্লো-জো’ নশ্বর পৃথিবী ছেড়েছেন ১৯৯৮ সালে, কিন্তু তাঁর বিশ্ব রেকর্ডটাকে অবিনশ্বরই মনে হয় এখনো। এখনো তাঁর সেই টাইমিংয়ের কাছাকাছিও যেতে পারেননি অন্য কেউ।
২৩ বছর বয়সী শিপার্সের চোখ ওই রেকর্ডেই। পরশু বললেন, এই রেকর্ড ভাঙাটা অসম্ভব নয়। শিপার্সের অনুপ্রেরণা শিপার্স নিজেই। যে মেয়ে আগে কখনো ২২ সেকেন্ডের নিচে ২০০ মিটার দৌড়াননি, তিনিই কিনা বেইজিংয়ে সময় করলেন ২১.৬৩ সেকেন্ড। চমকে দেওয়া ওই দৌড়ের প্রসঙ্গ টেনেই ডায়মন্ড লিগের ব্রাসেলস মিটের আগে নিজের স্বপ্নের কথা বললেন শিপার্স, ‘বেইজিংয়ে ২০০ মিটারের ফাইনালে আগে ধারণা ছিল না আমি এই সময় করতে পারব। বলতে পারেন আমি অবাকই হয়েছিলাম। বেইজিংয়ে ২২ সেকেন্ডের নিচে দৌড়াতে চেয়েছিলাম, সেটা করেছিও। আশাতীত দ্রুত ছিলাম আমি। তাই মনে করি বিশ্ব রেকর্ডটা ভাঙা সম্ভব। তবে স্বাভাবিকভাবেই একটু সময় দরকার।’
শিপার্সের চেয়ে জোরে দৌড়ানো গ্রিফিথ-জয়নার ও ম্যারিওন জোনস যেমন, তেমনি শিপার্স যাদের ইউরোপিয়ান রেকর্ড ভেঙেছেন সেই মারিতা কচ ও হেইকে ড্রেসলারও বিতর্কিত। এএফপি।
ডোপিং অপরাধে মারিয়ন জোনস তো জেলই খেটেছেন। মারিতা কচ ও হেইকে ড্রেসলারের বিরুদ্ধেও আছে ডোপিংয়ের অভিযোগ। দুর্ভাগ্যজনকভাবে মরণের পরও ফ্লো-জোকে ঘিরে থাকা ডোপিং-সন্দেহটা উবে যায়নি। শিপার্সেরও পদস্খলন হবে না তো? ‘আমি জানি আমি ১০০ ভাগ পরিষ্কার’—আত্মবিশ্বাসী শিপার্স বলতে চাইলেন রেকর্ডের জন্য অন্ধকার পথে তাঁকে যেতে হবে না!