চার-চারটি বিশ্ব রেকর্ড ঝুলিতে নিয়েই এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এসেছিলেন সারা শোস্ট্রম। সুইডেনের নারী সাঁতারুর রেকর্ডের ঝোলায় গত রোববার যোগ হয়েছে আরও একটি বিশ্ব রেকর্ড। দল পদক না জিতলেও ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলের প্রথম ১০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েছেন শোস্ট্রম। তাঁর পাঁচটি বিশ্ব রেকর্ডের দুটি শর্ট কোর্সের। নারী-পুরুষ ও লং কোর্স-শর্ট কোর্স মিলিয়ে সুইডিশ সাঁতারুর চেয়ে বেশি বিশ্ব রেকর্ডের মালিক এখন মাত্র দুজন। ছেলেদের বিভাগে যুক্তরাষ্ট্রের মাইকেল ফেল্প্স ও মেয়েদের বিভাগে হাঙ্গেরির কাতিনকা হসু। দুজনের দখলেই আছে সাতটি করে বিশ্ব রেকর্ড। লং কোর্সের তিনটি ব্যক্তিগত, তিনটি রিলে ও শর্ট কোর্সের একটি রিলের বিশ্ব রেকর্ড ফেল্প্সের দখলে। হসুর সাতটি রেকর্ডই ব্যক্তিগত, এর পাঁচটিই অবশ্য শর্ট কোর্সের।
সাঁতারে সবচেয়ে বেশি বিশ্ব রেকর্ড
দেশ লং শর্ট
৭ মাইকেল ফেল্প্স যুক্তরাষ্ট্র ৬ ১
কাতিনকা হসু হাঙ্গেরি ২ ৫
৫ রায়ান লোক্টি যুক্তরাষ্ট্র ৩ ২
সারা শোস্ট্রম সুইডেন ৩ ২
৪ মিরেইয়া বেলমন্তে স্পেন ০ ৪
৪ রানোমি ক্রমোইজোজো হল্যান্ড ০ ৪