তাঁর এখন থাকার কথা ছিল আজারবাইজানে। কিন্তু গাজীপুরে নিজের বাড়িতে অলস সময় কাটাচ্ছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। ভিসা না পেয়ে আজারবাইজানের গাবালায় ৬-১৬ আগস্টের বিশ্বকাপ শ্যুটিংয়ে যেতে পারলেন না কমনওয়েলথ গেমসের রুপাজয়ী শ্যুটার। বাকির সঙ্গে বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা ছিল আরেক শ্যুটার শোভন চৌধুরীরও।
ওয়াইল্ড কার্ড নয়, কোটা প্লেসের মাধ্যমেই আগামী বছরের রিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে চেয়েছিলেন বাকি। এ জন্য আজারবাইজানের বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে ছয় মাস ধরে কঠোর অনুশীলন করে গেছেন। বিশ্বকাপের দল নির্বাচনী প্রতিযোগিতায়ও সবার চেয়ে বেশি স্কোর (৬২৮ পয়েন্ট) করেছিলেন। কিন্তু ফেডারেশনের উদাসীনতায় কোটা প্লেস পাবেন কি না সেটাই এখন প্রশ্ন।
সাধারণত বাংলাদেশে ভিসাপ্রত্যাশী সংশ্লিষ্ট দেশের (এখানে আজারবাইজান) দূতাবাস না থাকলে প্রতিবেশী ভারত থেকেই ভিসা নিয়ে থাকে ফেডারেশন। কিন্তু অভিযোগ উঠেছে, এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ ব্যাপারে ফেডারেশন সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তবে জানা গেছে, আয়োজক আজারবাইজান থেকে প্রতিশ্রুত ই-ভিসা না পেয়েই নাকি শেষ মুহূর্তে বিশ্বকাপযাত্রা বাতিল করতে হয়েছে বাকিকে।
গত মার্চে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপে ভালো করতে পারেননি। এ জন্য আজারবাইজান বিশ্বকাপকে করেছিলেন পাখির চোখ। কিন্তু শেষ মুহূর্তে ভিসা-জটিলতায় যেতে না পেরে শুধু হতাশাই ব্যক্ত করলেন বাকি, ‘অনেক দিনের কঠোর অনুশীলনের পর আশা ছিল আজারবাইজানে ভালো কিছু করব। যেতে পারলাম না বলে খারাপ লাগছে।’
কোটা প্লেস পেতে বাকির সামনে অবশ্য আরও একটি সুযোগ আছে। আগামী নভেম্বরে কুয়েতের এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। কিন্তু কুয়েতের ভিসাটা কি সময়মতো পাবেন বাংলাদেশের এই সময়ের সেরা শ্যুটার?