বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে সাঁতারু সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সূচনা হয়েছে নতুন ভোরের, এগিয়ে চলেছে বাংলাদেশ। এবার দেখিয়ে দেবে বাংলার নাম না-জানা সাঁতারুরা। ওদের থামানো যাবে না। তৈরি হচ্ছে সবাই। বিশ্বজয়ের স্বপ্ন এবার সত্যি হবে।’
সংবাদ সম্মেলনের শেষে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হলো ১ মিনিট ৮ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রটি। শেষ দৃশ্যে এসএ গেমসে সোনাজয়ী মাহফুজা খাতুন শিলার হাতে উড়ল লাল-সবুজ জাতীয় পতাকা। ওই একটা দৃশ্যেই যেন বুঝিয়ে দেওয়া হলো সবকিছু।
সাঁতারে এই ব্যতিক্রমী উদ্যোগটা যৌথভাবে নিয়েছে সাঁতার ফেডারেশন ও নৌবাহিনী। ১৯ মে থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করা সাঁতারুদের ঢাকায় এনে দেওয়া হবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। প্রায় ২৫ হাজার সাঁতারু অংশ নেবে এই প্রতিযোগিতায়। পুরো প্রক্রিয়ার সঙ্গে কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের প্রধান কোচ পার্ক তে গুন।
অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ বিভাগে হবে এই প্রতিযোগিতা। এটি শেষ হবে ২ অক্টোবর। প্রথম পর্ব শেষে প্রতিটি উপজেলা থেকে ৪৮ জন সাঁতারুকে বাছাই করে জেলা পর্যায়ে আনা হবে। পরে প্রতিটি জেলা থেকে ১০ থেকে ২০ জন সাঁতারু নেওয়া হবে। এভাবে ৬৪টি জেলা থেকে মোট ১০০০ জন সাঁতারুকে বাছাই করে ঢাকায় আনা হবে। প্রথম পর্বে জেলার ২০ সেরা সাঁতারুকে পদক, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার দেওয়া হবে।
এরপর দ্বিতীয় পর্বে বেছে নেওয়া হবে আরও সেরা ৬০ জনকে। এদের মধ্যে সেরা ৪ নারী ও পুরুষ সাঁতারুকে দেওয়া হবে ৫ লাখ করে টাকা।
প্রতিযোগিতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.sherasataru.com ওয়েবসাইটে। একটি কলসেন্টারও (০৯৬৭৮-৮০০৭০০) খোলা হয়েছে। সরকারি সহায়তার বাইরে এই কর্মসূচির পৃষ্ঠপোষক এস আলম গ্রুপ, ম্যাক্স গ্রুপ, প্রতীক গ্রুপ ও বিসিবি। বাজেট ধরা হয়েছে ৬-৭ কোটি টাকা।
কাল মিরপুর সাঁতার কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।