বিষণ্নতায় সমাপ্তি প্যারালিম্পিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারালিম্পিকের ৫৬ বছরের ইতিহাসে এমন করুণ সময় আর আসেনি। রিওতে সমাপনীর এক দিন আগে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এক অ্যাথলেট। প্যারালিম্পিকের পুরুষদের সাইক্লিংয়ের সি ফোর-ফাইভ রেসে দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন বাহমান গোলবারনেজহাদ। হাসপাতালে নেওয়ার পরই মৃত্যুবরণ করেন তিনি।

পরশু রিও প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও তাই ছিল শোকের ছায়া। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) সভাপতি ফিলিপ ক্র্যাভেনের সমাপনী বক্তব্যেও এসেছে ৪৮ বছর বয়সী এই ইরানির প্রসঙ্গ। পরশু মারাকানা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে গোলবারনেজহাদের স্মৃতিতে নীরবতা পালন করেছেন সবাই, ‘আজ (পরশু) আমরা গত ১২ দিন ধরে চলা ক্রীড়া উৎসব উদ্‌যাপন করব। কিন্তু কালকের ওই দুঃখজনক ঘটনায় এতে বিষণ্নতার ছায়াও পড়ল। আমরা তাঁর (গোলবারনেজহাদ) পরিবার, বন্ধু, সতীর্থ ও দেশের প্রতি শোক প্রকাশ করছি। তাঁর স্মৃতির উদ্দেশে নীরবতা পালনে আমার সঙ্গী হতে অনুরোধ করছি।’

শেষ দিনের এমন বিষণ্ন পরিবেশেও একটু আনন্দের উৎস হয়ে এসেছে ভলিবলে (বসে খেলা) ইরানের সোনা জয়। ইরানের প্যারালিম্পিক কমিটির মহাসচিব মাসুদ আশরাফির কণ্ঠেও তাই বিষণ্নতা মেশানো উচ্ছ্বাস, ‘দুই রকমের অনুভূতি হচ্ছে আমাদের। একটি তিক্ত, অন্যটি আনন্দের। আজ আমরা অনেক খুশি, ভলিবল দল সোনা জিতেছে। আমরা এই পদক বাহমান গোলবারনেজহাদের আত্মার প্রতি উৎসর্গ করছি।’

তবে এমন দিনেও সাফল্যের গানই গেয়েছে প্যারালিম্পিক। প্রথম দিকে দর্শক আগ্রহ, টিকিট বিক্রিতে আশানুরূপ সাফল্য না পেলেও শেষ দিকে প্রায় প্রতিটি ইভেন্টেই ছিল দর্শকের ভিড়। বিদায়ী বক্তব্যে ক্র্যাভেন তাই রিওর দর্শকদের ধন্যবাদ দিতে ভোলেননি, ‘কারিওকারা অসাধারণ (রিওর বাসিন্দাদের ডাকনাম), এই গেমস ও অ্যাথলেটদের গ্রহণ করেছেন, বুকে স্থান দিয়েছেন। প্যারালিম্পিককে নিজেদের গেমস, মানুষের গেমস বানিয়েছেন। আপনাদের সঙ্গে কাটানো এ সময়ের স্মৃতি আজীবন আগলে রাখব আমরা।’ আইএএনএস।

চূড়ান্ত পদক তালিকা

                                         মোট 

চীন            ১০৭   ৮১   ৫১   ২৩৯

ব্রিটেন          ৬৪    ৩৯   ৪৪   ১৪৭

ইউক্রেন        ৪১    ৩৭   ৩৯   ১১৭

যুক্তরাষ্ট্র        ৪০    ৪৪    ৩১   ১১৫

অস্ট্রেলিয়া      ২২    ৩০   ২৯    ৮১

জার্মানি         ১৮    ২৫   ১৪    ৫৭

হল্যান্ড          ১৭    ১৯    ২৬    ৬২

ব্রাজিল         ১৪    ২৯    ২৯    ৭২

ইতালি          ১০    ১৪    ১৫    ৩৯

পোল্যান্ড        ৯     ১৮   ১২    ৩৯

 সেরা দশ